বগুড়ার শাজাহানপুরে দুই পক্ষের সংঘর্ষের সময় আবু বক্কর সিদ্দিক (২৭) নামে স্বেচ্ছাসেবক লীগের এক কর্মীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। গতকাল শনিবার দুপুরে আশেকপুর ইউনিয়নের মাথইলচাপড় গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে ওই সংঘর্ষ বাধে। নিহত আবু বক্কর সিদ্দিক মাথইলচাপড় গ্রামের ইউছুফ আলীর ছেলে এবং স্থানীয় স্বেচ্ছাসেবক লীগের কর্মী। একই ঘটনায় গুরুতর আহত মনিরুজ্জামান মনির (৩৫) নামে এক যুবক আশঙ্কাজনক অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। মনিরুজ্জামান মাথইলচাপড় গ্রামের রুহুল আমীনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় স্বেচ্ছাসেবক লীগের দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। গতকাল দুপুর ১টার দিকে প্রতিপক্ষের লোকজন অপর পক্ষের ওপর হামলা করে কুপিয়ে তিনজনকে আহত করে। পরে তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে আবু বক্কর সিদ্দিক মারা যান।
বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী দেশ রূপান্তরকে বলেন, ‘সংঘর্ষের খবর পেয়ে মাথইলচাপড় গ্রামে পুলিশ পাঠানো হয়েছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।’
