করোনাভাইরাস পরিস্থিতির কারণে সৌদি আরবে আটকে পড়া ১৩২ বাংলাদেশি ওমরাযাত্রী এবং দেশটির বিভিনড়ব কারাগারে থাকা ২৩৪ বাংলাদেশি গতকাল বুধবার রাতে দেশে ফিরে এসেছেন। ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেনএএইচএম তৌহিদ উল আহসান দেশ রূপান্তরকে বলেন, গতকাল রাত সাড়ে ৮টার দিকে সৌদি এয়ারলাইনসের (এসভি-৩৮০৬) একটি ফ্লাইটে করে ওমরাযাত্রীসহ ৩৬৬ বাংলাদেশি ফিরেছেন।
ফ্লাইট থেকে নামার পরই স্ক্রিনিংয়ে কারও শরীরের তাপমাত্রা বেশি পাওয়া গেলে তাদের সেনাবাহিনীর তত্ত্বাবধানে আশকোনা হজ ক্যাম্পের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠানো হবে। আর যাদের থাকবে না তাদের ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে পাঠানো হবে। তিনি জানান, সৌদি আরবের স্থানীয় সময় দুপুর ১২টায় জেদ্দার কিং আবদুল আজিজ ইন্টারন্যাশনাল বিমানবন্দর থেকে বিশেষ এ ফ্লাইটটি ঢাকার উদ্দেশে রওনা হয়। জেদ্দা এয়ারপোর্টে এসব যাত্রীর মেডিকেল চেকআপ এবং ইমিগ্রেশনের যাবতীয় কার্যক্রম শেষ করা হয়। এর আগে গত ১৭ মার্চ বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট সৌদিতে আটকে পড়া বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনে।
×
