করোনাভাইরাসের কারণে ইতিমধ্যে ইউরো ২০২০, অলিম্পিক ২০২০ পিছিয়ে গেছে এক বছর। স্থগিত হয়েছে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ। ক্রিকেটেও অনেক টুর্নামেন্ট ও সিরিজ স্থগিত। এশিয়া অঞ্চলের শীর্ষ ফুটবল টুর্নামেন্টগুলোর কী হবে? এশিয়ান ফুটবল ফেডারেশনের একজন উচ্চপদস্থ কর্মকর্তা জানালেন, সব টুর্নামেন্টই এ বছর হবে। প্রয়োজন হলে রূদ্ধদ্বার স্টেডিয়ামে হলেও এ বছরই টুর্নামেন্ট শেষ করা হবে। সে জন্য আপাতত স্থগিত থাকা টুর্নামেন্টগুলোর নতুন তারিখও ঘোষণা করা হবে শিগগিরই। এপ্রিলের শেষ দিকেই জানা যাবে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ও এএফসি কাপের নতুন দিন-তারিখ।
এএফসি কাপ ২০২০ এ খেলছে বাংলাদেশের বসুন্ধরা কিংস। এএফসির জেনারেল সেক্রেটারি উইন্ডসোর জন জানান, তিনি আত্মবিশ্বাসী যে দুটি টুর্নামেন্টের সব ম্যাচই হবে এই বছরে। এএফপিকে তিনি জানান, ‘সব ম্যাচই এ বছর হবে। আমাদের হাতে এখনো অনেক সময় আছে।’
