কাশিয়ানী ও নাগরপুরে আক্রান্ত ৫

আপডেট : ১৯ এপ্রিল ২০২০, ০৩:৩৪ এএম

গোপালগঞ্জের কাশিয়ানীতে নতুন করে চারজন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। গতকাল শনিবার কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাব্বির আহমেদ এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. কাইয়ূম তালুকদার কাশিয়ানীতে চারজনের আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেছেন।

আক্রান্তদের মধ্যে কাশিয়ানী উপজেলার সদর ইউনিয়নের একজন, সাজাইল ইউনিয়নে দুজন ও মহেশপুর ইউনিয়নে একজন। তারা সবাই করোনার উপসর্গ নিয়ে ঢাকা থেকে নিজ নিজ এলাকায় এসেছেন।

অপরদিকে টাঙ্গাইলের নাগরপুরে নতুন করে আরও একজন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে নাগরপুর উপজেলায় মোট করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ৩ জন। গত শুক্রবার রাতে শনাক্ত হওয়া করোনা আক্রান্ত যুবককে তার বাড়িতে আলাদা করে রেখে আশপাশের ৩০ বাড়ি লকডাউন করে উপজেলা প্রশাসন। গতকাল শনিবার সকালে তাকে চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের আইসোলেশন সেন্টারে পাঠানো হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রোকনুজ্জামান খান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত