ত্রাণ সহায়তার আশ্বাস দিয়ে চাঁদাবাজির অভিযোগ

আপডেট : ২২ এপ্রিল ২০২০, ০১:৫২ এএম

করোনাভাইরাসের চলমান দুর্যোগকালীন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৫ হাজার টাকা করে সহায়তা এনে দেওয়ার কথা বলে জনপ্রতি ১০০ থেকে ১৫০ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে মোংলা থানা ইমারত নির্মাণশ্রমিক ইউনিয়নের নেতাদের বিরুদ্ধে।

এ ঘটনায় ভুক্তভোগী নির্মাণশ্রমিকরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানার ওসির কাছে গত সোমবার রাতে লিখিত অভিযোগ দিয়েছেন। পরে প্রশাসন নির্মাণশ্রমিক ইউনিয়নের নেতাদের ডেকে শ্রমিকদের কাছ থেকে নেওয়া টাকা ফেরত দিতে নির্দেশ দিয়েছে।

লিখিত অভিযোগে জানা গেছে, মোংলা বন্দরে কর্মরত ৭ শতাধিক নির্মাণ (রাজমিস্ত্রি) শ্রমিকের সংগঠনের সভাপতি দুলাল তালুকদার ও সাধারণ সম্পাদক শাজাহান ফকির প্রত্যেক শ্রমিককে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৫ হাজার টাকা করে সহায়তা এনে দেওয়ার কথা বলে খরচ বাবদ শ্রমিক প্রতি ১০০ থেকে ১৫০ টাকা আদায় করেন।

এ ব্যাপারে দুলাল তালুকদার বলেন, ‘চাঁদা আদায়ের বিষয়ে সাধারণ সম্পাদক জানেন। এ বিষয়ে তিনি অবগত নন।’ সাধারণ সম্পাদক শাজাহান ফকির অভিযোগ অস্বীকার করে বলেন, ‘ত্রাণ আনার খরচ বাবদ কোনো টাকা নেওয়া হয়নি। সাংগঠনিক মাসিক চাঁদা হিসেবে মাত্র ৫০ টাকা করে আদায় করা হয়েছে। প্রশাসনের নির্দেশ অনুযায়ী সেই টাকা ফেরত দেওয়া হচ্ছে।’

কিন্তু এখন পর্যন্ত শ্রমিকদের টাকা ফেরত দেওয়া হয়নি বলেও জানান ভুক্তভোগী শ্রমিকরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত