গুগল-ফেইসবুকের বিরুদ্ধে ‘যুদ্ধ’ অস্ট্রেলিয়ার

আপডেট : ২৩ এপ্রিল ২০২০, ০২:০৫ এএম

নিজেদের দেশের সংবাদমাধ্যমের জন্য গুগল-ফেইসবুককে চাপ প্রয়োগ করে ‘কনটেন্ট ব্যবহারের ভিত্তিতে’ লভ্যাংশ আদায়ের পরিকল্পনা করছে অস্ট্রেলিয়া সরকার। খবর রয়টার্সের। সংবাদমাধ্যমের কনটেন্ট ব্যবহার করে গুগল-ফেইসবুক আয় করছে দীর্ঘদিন ধরে। বিনিময়ে তারা অনেক শর্তের মারপ্যাঁচে কিছু অর্থ দেয়। কিন্তু কোনো দেশ নিয়ম করে এখন পর্যন্ত তাদের কাছ থেকে লভ্যাংশ নিতে পারেনি। অস্ট্রেলিয়ার ট্রেজারার জোশ ফ্রাইডেনবার্গ বলছেন, ‘আমরা চ্যালেঞ্জটা টের পাচ্ছি। অনেক বড় প্রযুক্তি প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা করেও লভ্যাংশ পাওয়া যাচ্ছে না। তাই আমরা যুদ্ধে নামব।’ তিনি জানিয়েছেন, সংবাদমাধ্যম ও ডিজিটাল প্ল্যাটফর্মের জন্য একটা কোড অব কনডাক্ট তৈরির চেষ্টা চলছে।

ফ্রাইডেনবার্গ বলেন, বাধ্যতামূলক আইনে ডেটা শেয়ারিং থেকে শুরু করে নিউজ কনটেন্টের র‌্যাংকিং এবং প্রদর্শনীর ব্যবস্থা থাকবে। কোন নিউজ থেকে কত আয় হচ্ছে, সেটিও দেখাতে হবে। অস্ট্রেলিয়ায় অনলাইন বিজ্ঞাপন থেকে প্রতি বছর ৫ দশমিক ৭২ বিলিয়ন ডলার আয় করে বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠান। এর মধ্যে গুগল ও ফেইসবুকের ব্যবসাই বেশি। অস্ট্রেলিয়া সরকারের নতুন ঘোষণায় ফেইসবুক হতাশা প্রকাশ করেছে, ‘এমন সিদ্ধান্তে আমরা হতাশ। অস্ট্রেলিয়ান প্রকাশকদের সহায়তা করতে এমনিতেই আমরা লাখ-লাখ ডলার বিনিয়োগ করি।’ গুগল অবশ্য সব ধরনের কোড অব কনডাক্টে সহায়তার প্রতিশ্রুতি দিচ্ছে, ‘আমরা চেষ্টা করব তাদের সঙ্গে তাল মিলিয়ে কাজ করার।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত