গণস্বাস্থ্য কেন্দ্রের কিট যাচাইয়ে আজ নমুনা দেবে স্বাস্থ্য অধিদপ্তর

আপডেট : ২৩ এপ্রিল ২০২০, ০৩:৩৪ এএম

গণস্বাস্থ্য কেন্দ্রের টেস্ট কিট যাচাইয়ে চাওয়া কভিড-১৯ আক্রান্ত রোগীর রক্তের নমুনা আজ বৃহস্পতিবার সকালে স্বাস্থ্য অধিদপ্তর দেবে। গতকাল বুধবার সন্ধ্যায় দেশ রূপান্তরকে এ কথা জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। তিনি বলেন, গতকাল করোনাভাইরাস সংক্রমিত রোগীর রক্তের নমুনা সংগ্রহের অনুমতি মিলেছে। পরে ডাক্তার, টেকনিশিয়ান স্বাস্থ্য অধিদপ্তরে পাঠানো হলেও তাদের রক্তের নমুনা দেওয়া হয়নি। বৃহস্পতিবার সকালে আবার যেতে বলেছে।

জাফরুল্লাহ চৌধুরী বলেন, সরকারকে কিট হস্তান্তরের তারিখ অনুযায়ী আগামী শনিবার সরবরাহ করা হবে। তিনি বলেন, এখন করোনাভাইরাসে আক্রান্ত একজন রোগীর টেস্ট করতে লাগে তিন হাজার টাকা। গণস্বাস্থ্য কেন্দ্রের কিটে খরচ পড়বে তিনশ টাকা। অল্প সময়ে করোনাভাইরাসের রোগী শনাক্ত করা যাবে।

এর আগে গত মঙ্গলবার জাফরুল্লাহ চৌধুরী অভিযোগ করে বলেন, প্রধানমন্ত্রী সহযোগিতা করলেও স্বাস্থ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টরা সহযোগিতা করছে না। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তরে গণস্বাস্থ্যের প্রতিনিধি বসে থাকলেও তাদের করোনা সংক্রমিত রোগীর রক্তের নমুনা দেওয়া হচ্ছে না।

গতকাল তিনি বলেন, মঙ্গলবার রাতে প্রধানমন্ত্রীর কার্যালয়কে অবহিত করা হলে গতকাল বুধবার রক্ত সংগ্রহের অনুমতি দেওয়া হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত