পুলিশে করোনা এক দিনে সর্বোচ্চ ২৩৯ জন শনাক্ত

আপডেট : ০৬ মে ২০২০, ০৬:১০ এএম

সারা দেশে বিগত ২৪ ঘণ্টায় ২৩৯ পুলিশ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন, যা এক দিনে সর্বোচ্চ। এ নিয়ে এখন পর্যন্ত ১ হাজার ১৫৩ জন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হলেন। এদের মধ্যে ৫ জনের মৃত্যু হয়েছে।

গতকাল মঙ্গলবার পুলিশ সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে আরও বলা হয়, পুলিশ বিভাগে করোনা সন্দেহে আইসোলেশনে রয়েছেন ৩১৫ জন এবং আক্রান্তদের সংস্পর্শে আসায় ১ হাজার ২৫০ জনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। আর এখন পর্যন্ত ৮৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) সোহেল রানা দেশ রূপান্তরকে বলেন, ‘মাঠে নিয়োজিতরা স্বাস্থ্যবিধি মেনে যাতে সুরক্ষিত থাকতে পারেন, সেজন্য নিয়মিত সচেতন করা হচ্ছে। সিনিয়র কর্মকর্তারাও বিভিন্ন ইউনিটে গিয়ে তাদের সঙ্গে কথা বলছেন। সবাইকে সুরক্ষাসামগ্রী ও পর্যাপ্ত জীবাণুনাশক সরবরাহ করা হয়েছে।’ তিনি আরও বলেন, ‘আক্রান্তদের চিকিৎসার পাশাপাশি মনোবল অটুট রাখতে ঊর্ধ্বতন কর্মকর্তা ও তাদের লাইন চিফরা হাসপাতাল ভিজিট করছেন। এ ছাড়া অসুস্থদের পরিবারের সদস্যদের খোঁজ-খবর রাখতে নিজ নিজ ইউনিটকে বলা হয়েছে।’

ডিএমপির কোয়ার্টার মাস্টারের দায়িত্বে থাকা সহকারী পুলিশ কমিশনার মো. হাফিজুর রহমান বলেন ‘আক্রান্ত, আইসোলেশন ও কোয়ারেন্টাইনে থাকা পুলিশ সদস্যদের রুটিন খাবারের সঙ্গে দুধ, ডিম, কলাসহ পুষ্টিকর খাবার দেওয়া হচ্ছে। মাঠকর্মীদের লেবু, বিভিন্ন মৌসুমী ফল ছাড়াও রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির সহায়ক ভিটামিন ‘সি’ ও জিংক ট্যাবলেট বিতরণ করা হয়েছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত