কুমিল্লার মুরাদনগরে কারাবন্দি স্বামীর জামিনের জন্য সহযোগিতা চাইতে গিয়ে ধর্ষণের শিকার হন এক গৃহবধূ। এ ঘটনায় গত মঙ্গলবার বিকেলে স্থানীয় ইউপি সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ। ওই ইউপি সদস্যের নাম নজরুল ইসলাম ওরফে ভোলা মিয়া (৪২)। তিনি মুরাদনগর সদর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সদস্য ও ডুমুরিয়া গ্রামের প্রয়াত জায়েদ প্রধানের ছেলে। আর ভুক্তভোগী গৃহবধূও একই গ্রামের বাসিন্দা।
মামলার এজাহারে বলা হয়, গত বছরের ১৪ নভেম্বর একটি মামলায় গ্রেপ্তার হয়ে কারাবন্দি হন ওই গৃহবধূর স্বামী। এরপর থেকেই স্বামীকে ছাড়িয়ে আনতে স্থানীয় ইউপি সদস্য নজরুল ইসলামের সঙ্গে যোগাযোগ করে সহযোগিতা চান ওই গৃহবধূ। এ ঘটনায় গৃহবধূকে সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস দিয়ে তাকে কৌশলে ধর্ষণ করেন মেম্বার নজরুল ইসলাম। ঘটনাটি কাউকে জানালে তার বড় ধরনের ক্ষতি হবে এমন হুমকি পেয়ে বিষয়টি এতদিন চাপা রাখেন ভুক্তভোগী। এরও কয়েক দিন পর সহযোগীদের নিয়ে তাকে পুনরায় ধর্ষণ করেন নজরুল। একপর্যায়ে ওই গৃহবধূ গর্ভবতী হয়ে পড়লে বিষয়টি স্থানীয়দের নজরে আসে। ঘটনার সাড়ে তিন মাস পর তার স্বামী জেল থেকে ছাড়া পেয়ে বাড়ি এলে তার নিকট সব খুলে বলেন ওই ভুক্তভোগী। মুরাদনগর থানার ওসি একেএম মনজুর আলম জানান, এ ঘটনায় ওই ইউপি সদস্যসহ ৬ জনের বিরুদ্ধে মামলা করেন নির্যাতিতার স্বামী। নজরুল ইসলামকে গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এদিকে ঢাকার সাভারে এক নারী পোশাকশ্রমিককে দলবেঁধে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল বুধবার ইব্রাহিম নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। চট্টগ্রামের মিরসরাইয়ে তরুণীকে (২২) ধর্ষণের অভিযোগে মো. হামিদুল হক নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়। এছাড়া নেত্রকোনার বারহাট্টায় শিশুকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার ঘটনায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন অভিযুক্ত সুলতান মিয়া। বিস্তারিত আমাদের প্রতিনিধিদের পাঠানো খবরে :
সাভারে নারী পোশাকশ্রমিককে দলবেঁধে ধর্ষণ : সাভারে এক নারী পোশাকশ্রমিককে দলবেঁধে ধর্ষণের অভিযোগে গতকাল বুধবার ইব্রাহিম নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মামলার এজাহারে বলা হয়, মঙ্গলবার রাতে হেমায়েতপুর থেকে জয়নাবাড়ি যাচ্ছিল ওই নারী। পথে ইব্রাহিম ও রাব্বিসহ আরও অজ্ঞাতনামা দুই যুবক তার গতিরোধ করে। পরে তারা ওই নারীকে জোরপূর্বক একটি অটোরিকশায় তুলে বলিয়ারপুর এলাকার একটি ফাঁকা স্থানে নিয়ে দলবেঁধে ধর্ষণ করে। সাভার মডেল থানার ওসি (তদন্ত) মো. জাকারিয়া হোসেন জানান, এ ঘটনায় ভুক্তভোগী নিজেই বাদী হয়ে একটি মামলা করেন। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
মিরসরাইয়ে ধর্ষণের শিকার তরুণী : চট্টগ্রামের মিরসরাইয়ে এক তরুণীকে (২২) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মো. হামিদুল হক নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মামলার এজাহারে বলা হয়, মোবাইল ফোনের মাধ্যমে পরিচয়ের সূত্র ধরে হামিদের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত মঙ্গলবার তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে মোবাইলে তাকে মধ্যম মায়ানী গ্রামে ডেকে আনে হামিদ। এরপর একটি জঙ্গলে নিয়ে তাকে ধর্ষণ করে সে। এ সময় ওই তরুণীর চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে ও হামিদকে আটক করে। মিরসরাই থানার এসআই আমিনুল মুজাহিদ জানান, এ ঘটনায় একটি মামলা হয়েছে।
নেত্রকোনার বারহাট্টায় শিশুকে ধর্ষণের পর হত্যা : নেত্রকোনার বারহাট্টায় শিশুকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার ঘটনায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে অভিযুক্ত সুলতান মিয়া। গত মঙ্গলবার জেলা পুলিশ সুপার আকবর আলী মুনশী জানান, তথ্যপ্রযুক্তিকে কাজে লাগিয়ে বারহাট্টার বাউসী এলাকায় সুলতানের শ্বশুরবাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই শিশুটিকে ধর্ষণের পর গলাটিপে হত্যার কথা স্বীকার করেছে সে। গত বৃহস্পতিবার সকালে প্রাইভেট পড়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় শিশুটি। পরদিন শুক্রবার সকালে মান্দারতলা গ্রামের জব্বরমিয়ার জঙ্গলের একটি গর্তে তার লাশ খুঁজে পায় স্থানীয়রা। পরে এ ঘটনায় থানায় মামলা হয়।
