স্রোতের টানে জালের সঙ্গে মরলেন জেলে

আপডেট : ১০ জুন ২০২০, ০৭:২০ এএম

দিনাজপুরের চিরিরবন্দরে নদীতে জাল ফেলে মাছ ধরার সময় পানিতে ডুবে পুতুল মাস্টার (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

গতকাল মঙ্গলবার সকাল ৬টায় তার লাশ উদ্ধার করে স্থানীয়রা। ঘটনাটি ঘটেছে উপজেলার আত্রাই নদীর মোহনপুর রাবারড্যাম ব্রিজের নিচে। নিহত পুতুল মাস্টার উপজেলার পুনট্টি ইউনিয়নের মোহনপুর গ্রামের আবু বক্কর সিদ্দীকের ছেলে।

স্থানীয়রা জানান, আত্রাই নদীর মোহনপুর রাবারড্যাম ব্রিজের নিচে ভোর ৪টায় জাল দিয়ে মাছ ধরতে গিয়ে নদীর ঘূর্ণিপাকে জাল ফেললে পানির স্রোত জাল টেনে নিয়ে গেলে পুতুল মাস্টার জালের সঙ্গেই পানিতে তলিয়ে যান। পরে সকাল ৬টার দিকে তার মৃতদেহ পানিতে ভাসলে স্থানীয়রা তার লাশ উদ্ধার করে পরিবারকে খবর দেয়।

পানিতে ডুবে নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন চিরিরবন্দর থানার ওসি সুব্রত কুমার সরকার।

অপরদিকে, নেত্রকোনার কলমাকান্দায় রান্নাঘরের পাশের ডোবায় পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার পোগলা ইউনিয়নের কুতিগাঁওয়ে এ ঘটনা ঘটে। মৃত দেড় বছরের মাহমুদুল্লাহ ওই গ্রামের বিল্লাল মিয়ার ছেলে।

পরিবার জানায়, দুপুরে রান্নাঘরে মাহমুদুল্লাহ তার মায়ের পাশে বসে খেলা করছিল। মায়ের অজান্তে কোনো এক সময় রান্নাঘরের পাশের ডোবায় পড়ে যায় শিশুটি।

উল্লেখ্য, এ নিয়ে গত এক সপ্তাহে কলমাকান্দায় একইদিনে তিন শিশুসহ পাঁচ শিশু পানিতে ডুবে মৃত্যুর ঘটনা ঘটল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত