ভুয়া এজাহার দাখিল ও তথ্য গোপন করে জালিয়াতির মাধ্যমে জামিন নেওয়ার অভিযোগে খুলনার দিঘলিয়ার একটি হত্যা মামলার পাঁচ আসামির জামিন বাতিল করেছে হাইকোর্ট। একই সঙ্গে তারা যদি ইতিমধ্যে জামিনে বেরিয়ে যায় তাহলে সাত দিনের মধ্যে ওই আসামিদের বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশের পাশাপাশি তাদের আইনজীবীকে (আবু হেনা মোস্তফা কামাল) কারণ দর্শাতে বলা হয়েছে। পাশাপাশি তিনি আর ভার্চুয়াল আদালতে মামলা পরিচালনা করতে পারবেন না বলে জানিয়েছে হাইকোর্ট। জালিয়াতির এ বিষয়টি রাষ্ট্রপক্ষের আইনজীবীরা হাইকোর্টের নজরে আনার পর গতকাল বুধবার বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিমের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এসব আদেশ দেয়। আসামিরা যদি আত্মসমর্পণ না করে তাহলে তাদের গ্রেপ্তার করতে খুলনার পুলিশ সুপারকে (এসপি) নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. মো. বশির উল্লাহ।
মামলার নথির বরাত দিয়ে তিনি দেশ রূপান্তরকে জানান, গত বছর ৬ সেপ্টেম্বর খুলনার দিঘলিয়া উপজেলার গাজীরহাট বাজারের পাশে কাঁঠালতলা ভ্যান স্ট্যান্ডে দিনের বেলায় টিপু শেখের ওপর হামলা করে কতিপয় দুর্বৃত্ত। টিপুকে খুলনা মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এজাহারে নাম থাকা ৩২ আসামির মধ্যে ৫ আসামি সোহাগ শেখ, সেলিম শেখ, জুয়েল শেখ, লুৎফর শেখ ও আবদুল্লাহ মোল্লা হাইকোর্টে জামিনের আবেদন করে। গত ১৮ মে হাইকোর্টের এ বেঞ্চ তাদের নিয়মিত আদালত খোলা হওয়া পর্যন্ত জামিন দেয়। তাদের পক্ষে শুনানি করেন আইনজীবী আবু হেনা মোস্তফা কামাল।
রাষ্ট্রপক্ষের আইনজীবী আরও জানান, ১৮ মে আসামিরা জামিন পায়। তবে মামলার বাদীপক্ষের আইনজীবীর মাধ্যমে তারা জানতে পারেন আসামিপক্ষ জালিয়াতির মাধ্যমে জামিন নিয়েছে। এরপর অনুসন্ধানে তারা দেখতে পান ভুয়া এজাহার বানিয়ে এমনভাবে অভিযোগ সাজানো হয়েছে যে, আসামিদের বিরুদ্ধে গুরুতর কোনো অভিযোগ নেই। অথচ পাঁচ আসামি আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারা অনুযায়ী স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। এছাড়া মামলার অভিযোগপত্র (চার্জশিট) দেওয়া হয়েছে গত বছর ২১ ডিসেম্বর। অথচ আসামিপক্ষ বলেছে মামলা তদন্তনাধীন। ড. মো. বশির উল্লাহ বলেন, ‘জালিয়াতির এ বিষয়টি আজ (গতকাল) বিষয়টি আদালতের নজরে আনা হলে হাইকোর্ট তাদের জামিন বাতিল করে। একই সঙ্গে তাদের আত্মসমর্পণ করতে বলা হয়েছে। তাদের আইনজীবীকেও কারণ দর্শানোসহ তিনি আর ভার্চুয়াল আদালতে মামলা পরিচালনা করতে পারবেন না বলে আদেশ দেয় হাইকোর্ট।
