ক্রিকেট অস্ট্রেলিয়ার সিইও স্ট্রস!

আপডেট : ১৯ জুন ২০২০, ০৬:৫১ এএম

ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার চালাবেন অস্ট্রেলিয়ান ক্রিকেট! চোখ কপালে তোলা এমন কা-ই বাস্তবে রূপ নিতে পারে। ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) প্রধান নির্বাহী পদপ্রার্থী হতে যাচ্ছেন সাবেক ইংলিশ অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রস। দৈনিক ‘দি অস্ট্রেলিয়ান’ এই সংবাদ প্রকাশ করেছে। তারা জানায়, সিএ’র ইংলিশ বংশোদ্ভূত প্রভাবশালী একজন কর্মকর্তা কেভিন রবার্টসের পদত্যাগে শূন্য হওয়া পোস্টে আবেদন করতে স্ট্রসকে উদ্বুদ্ধ করছেন। আর অস্ট্রেলিয়া ক্রিকেটের নাকি বিদেশি প্রধান নির্বাহী নিয়োগ দিতে আপত্তি নেই। তাই সব ঠিক থাকলে ২০০৫ অ্যাশেজে অস্ট্রেলিয়াকে ইতিহাস গড়ে হারানোর অন্যতম নায়ক সিএ’র অন্যতম গুরুত্বপূর্ণ চেয়ারটিতে বসতে পারেন।

ক্রিকেট বোর্ডের শীর্ষ পর্যায়ে কাজ করার অভিজ্ঞতা আছে স্ট্রসের। আর বেশ সফল ভাবেই তিনি ওই দায়িত্ব পালন করেছেন। ২০১৫ সালে ইংল্যান্ড বিশ্বকাপ থেকে ছিটকে পড়ার পর ক্রিকেট বোর্ডের পরিচালক হন স্ট্রস। ২০১৮ পর্যন্ত কাজ করে দলটিকে বিশ্বের সেরা ওয়ানডে দলে পরিণত করেন। ২০১৮ সালে ক্যানসারে আক্রান্ত স্ত্রীর পাশে থাকবেন বলে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের (ইসিবি) পরিচালকের দায়িত্ব থেকে সরে দাঁড়ান। এর এক বছর পর নিজ দেশের বিশ্বকাপে ওয়ানডে ইতিহাসে প্রথম বিশ্বকাপ জেতে স্ট্রসের তৈরি করা ইংল্যান্ডের ওয়ানডে দলটি। দেশকে বিশ্বকাপ জেতানোর পথ দেখালেও স্ত্রীকে বাঁচাতে পারেননি স্ট্রস। তবে তার সাফল্য ইসিবিতে বেশ সমাদৃত। সে কারণেই অস্ট্রেলিয়ায় তার ওপর আগ্রহ বেড়েছে। সিএ’র চেয়ারম্যান আর্ল এডিংস জানান, ‘আমাদের গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে সিএ’র জন্য একজন দক্ষ প্রধান নির্বাহী নিয়োগ দেওয়া। আমরা বেশ সময় নিয়েই দেশে ও দেশের বাইরে যোগ্য প্রার্থীর খোঁজ করব।’ এখানে শুরুতেই বিদেশি কাউকে নিয়ে দিতে অনাপত্তির কথা জানিয়ে দিয়েছেন সিএ’র চেয়ারম্যান। আরও বড় বিষয় হলো সিইও খুঁজতে নির্দিষ্ট কমিটিতে যাকে নিয়োগ দেওয়া হয়েছে তিনি ইংলিশ বংশোদ্ভূত নিক হকলি। তারও পছন্দ স্ট্রসকে। তিনিই সাবেক ইংল্যান্ড অধিনায়ককে আবেদন করার পরামর্শ দেন। 

দক্ষিণ আফ্রিকা বংশোদ্ভূত স্ট্রস ইংল্যান্ডের হয়ে ক্যারিয়ার শুরুর আগে ১৯৯৮ থেকে ১৯৯৯ এক বছর সিডনি বিশ্ববিদ্যালয়ের হয়ে ক্রিকেট খেলেছেন। পরে ইংল্যান্ডের জার্সিতে দলটির অন্যতম সফল ওপেনার ও অধিনায়ক হয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত