ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের হবিগঞ্জ জেলার মাধবপুরে একটি গভীর গর্তের সৃষ্টি হয়েছে। অতিবর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট এই গর্তটির কারণে যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে। হবিগঞ্জ সড়ক ও জনপথ (সওজ) বিভাগ মহাসড়কের ছোট ছোট খানাখন্দ ভরাট করার দৃশ্য চোখে পড়লেও মহাসড়কের এই গর্তটি বন্ধ করার কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না। কয়েকদিন আগে গর্তের পাশে বালুভর্তি কয়েকটি বস্তা রেখে এবং ১টি লাল পতাকা টানিয়ে দায়িত্ব পালন করেছে সওজ।
স্থানীয়রা জানান, সম্প্রতি অতিবর্ষণ ও পাহাড়ি ঢলে মাধবপুর-চুনারুঘাট উপজেলার মধ্যবর্তী সুরমা চা বাগান সংলগ্ন ব্রিজের কাছে মহাসড়কে গভীর গর্তের সৃষ্টি হয়। যোগাযোগ করা হলে সওজের নির্বাহী প্রকৌশলী সজীব আহমেদ বলেন, গত কয়েকদিনের ভারী বর্ষণে জগদীশপুর-চুনারুঘাট সড়কসহ জেলার বানিয়াচঙ্গ-আজমিরিগঞ্জ, কাগাপাশা-বানিয়াচঙ্গ সড়কের প্রায় ১০টি স্পটে ব্যাপক ক্ষতি হয়েছে। বিশেষ করে ব্রিজের এপ্রোচ রোডের মাটি সরে যাওয়ায় এসব ক্ষয়ক্ষতি। স্পটগুলোর তিনটিতে প্রাথমিক মেরামতের কাজ চলছে।
