২০ সেকেন্ডের অলসতা ঝুঁকি তৈরি করতে পারে : কাদের

আপডেট : ২৩ জুন ২০২০, ০৫:৪০ এএম

দেশবাসীকে আবারও স্বাস্থ্য সুরক্ষায় সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘এক সেকেন্ডের অবহেলা, হাত ধোয়ার ২০ সেকেণ্ডের অলসতা স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে।’ গতকাল সোমবার সংসদ ভবন এলাকার সরকারি বাসভবন থেকে এক ভিডিওবার্তায় এসব কথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, ‘সরকার নতুন করে করোনার উচ্চঝুঁকি বিবেচনায় বেশ কিছু জেলা ও সিটি করপোরেশনের সুনির্দিষ্ট এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করেছে। এসব এলাকায় সর্বসাধারণকে কঠোরভাবে সরকারি নির্দেশনা প্রতিপালনের আহ্বান জানাচ্ছি। অনুরোধ করছি, ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলার। সরকার নানান সীমাবদ্ধতা সত্ত্বেও টেস্টিং ক্যাপাসিটি এবং চিকিৎসার সক্ষমতা বাড়ানোর চেষ্টা করছে। ইতিমধ্যে ৬০টির অধিক কেন্দ্রে টেস্ট করা হচ্ছে যদিও আমাদের আরও টেস্ট সেন্টার বাড়ানো প্রয়োজন।’

তিনি আরও বলেন, ‘ইতিমধ্যে চিকিৎসা সরঞ্জাম, সুরক্ষা সামগ্রীসহ অন্যান্য প্রয়োজনীয় যন্ত্রপাতি সংগ্রহে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। যত প্রস্তুতিই নেওয়া হোক না কেন, বিশ্বব্যাপী আজ একটি অভিন্ন কথাই বিশেষজ্ঞরা বলছেন সেটি হলো নিজের সুরক্ষা, করোনা প্রতিরোধের সবচেয়ে সেরা কৌশল হিসেবে নিজেকে সচেতন রাখতে হবে, সুরক্ষা দিতে হবে। তাই আসুন কার্যকর প্রতিরোধ ব্যবস্থা হিসেবে আমরা সুরক্ষার প্রাচীর গড়ে তুলি, নির্মাণ করি সচেতনতার দুর্গ।’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘আপনারা জানেন, বাংলাদেশ সফররত চীনা বিশেষজ্ঞ দলটি সরকারের নানা সীমাবদ্ধতা সত্ত্বেও চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীর দায়িত্ব পালনের প্রশংসা করেছে। নমুনা পরীক্ষা কম হচ্ছে বলে তারা মত প্রকাশ করার পাশাপাশি জনগণের সচেতনতার অভাবের কথা বলেছে। আমি আবারও সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। মনে রাখবেন, এক সেকেন্ডের অবহেলা, হাত  ধোয়ার ২০ সেকেন্ডের অলসতা স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে।’

দেশবাসীকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, ‘লক্ষণ দেখা দিলে গোপন করবেন না। কাছাকাছি কেন্দ্রে পরীক্ষা করান। অনেকে লক্ষণ গোপন করে স্বাভাবিক চলাফেরার কারণে ভাইরাস ছড়িয়ে পড়ছে সর্বত্র। দয়া করে সবার স্বার্থে ঝুঁকি নেবেন না। অনেকে ফেইসবুকসহ বিভিন্ন গণমাধ্যমে পাওয়া প্রেসক্রিপশন ফলো করে ভয়ানক স্বাস্থ্যঝুঁকিতে পড়ছেন। প্রয়োজনে হটলাইনে যোগাযোগ করুন, টেলিমেডিসিন সেবা গ্রহণ করুন। অযথা সামাজিক যোগাযোগমাধ্যমের চিকিৎসা ফলো করবেন না, আপনার সমস্যা অন্যের সঙ্গে নাও মিলতে পারে এতে আপনি ঝুঁকিতে পড়বেন।’

বিএনপির ত্রাণ কার্যক্রমে বাধার অভিযোগ প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘মির্জা ফখরুল সাহেব বিএনপিকে ত্রাণকাজে বাধা দেওয়ার অভিযোগ করেছেন। আমি স্পষ্টভাবে বলতে চাই, কোথায়, কে, বাধা দিয়েছে আপনারা স্পষ্ট করুন, তথ্যপ্রমাণ দিন। অভিযোগ সত্য হলে আমরা অবশ্যই ব্যবস্থা নেব। এছাড়া আমরা নিজেরাও খোঁজখবর নিচ্ছি। মানবিক কাজে বাধা প্রদান আওয়ামী লীগের নীতি নয়।’

এ সময় সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের নোয়াখালীর কভিড হাসপাতালের জন্য নিজস্ব তহবিল থেকে দুটি আইসিইউ-ভেন্টিলেটর হস্তান্তর করেন। তার সংসদ ভবনের বাসভবন থেকে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল হামিদ তা গ্রহণ করেন।

এ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘সরকার সারা দেশের বিশেষ করে জেলা পর্যায়ের হাসপাতালে আইসিইউসহ জরুরি সেবা সম্প্রসারণ ও প্রয়োজনীয় যন্ত্রপাতি স্থাপনের উদ্যোগ নিয়েছে। সরকারের পাশাপাশি এ সংকটকালে বেসরকারি উদ্যোগও যোগ করতে পারে নতুন মাত্রা। সামর্থ্যবানরা যেভাবে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন সেভাবে চিকিৎসাকেন্দ্রগুলোতে প্রয়োজনীয় সহায়তা দিতে পারেন।’

তিনি আরও বলেন, ‘নোয়াখালীতে কভিড হাসপাতালটির শয্যা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। স্থাপন করা হয়েছে কেন্দ্রীয় অক্সিজেন সরবরাহ সিস্টেম। এছাড়া সদর হাসপাতালের নতুন ভবন নির্মাণের দরপত্র আহ্বান করা হয়েছে। আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজ ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে করোনা শনাক্তকরণ পরীক্ষা চলছে। এর আওতা ইতিমধ্যে বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যে স্বাস্থ্যসেবায় বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান এগিয়ে এসেছে। আমি জেলার অন্যান্য প্রতিষ্ঠান ও সামর্থ্যবানদের সাধ্যমতো মানবিক প্রয়াসে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত