নভেল করোনাভাইরাসে বিশ্বব্যাপী মৃতের সংখ্যা ৫ লাখ ছাড়িয়ে গেলেও গত ২৪ ঘণ্টায় মৃত্যুর সংখ্যা একটু কমেছে। ২১ জুনের পর রবিবার সর্বনিম্ন মৃত্যু দেখল পৃথিবী।
আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের হিসাব অনুযায়ী, সোমবার বাংলাদেশ সময় সকাল আটটা পর্যন্ত কভিড-১৯ রোগে ২৪ ঘণ্টার হিসাবে গোটা পৃথিবীতে ৩ হাজার ৪৫৪ জনের মৃত্যু হয়েছে। এর আগে সাড়ে তিন হাজারের কম মৃত্যু হয় ২১ জুন। এখন পর্যন্ত মোট মৃত্যু হল ৫ লাখ ৪ হাজার ৩৬৬ জনের।
গত ২৪ ঘণ্টায় বিশ্বব্যাপী কভিড-১৯ শনাক্ত রোগীর সংখ্যাও কমেছে। এই সময়ে ১ লাখ ৬৩ হাজার ১৭২ জন নতুন রোগী পাওয়া গেছে। রবিবার মোট শনাক্ত হয়েছিল ১ লাখ ৭৬ হাজার ৫৬৮ জন।
এখন পর্যন্ত মোট রোগীর সংখ্যা ১ কোটি ২ লাখ ৪২ হাজার ৯৩২ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৯৫ হাজার ৪১০ জন। তাতে নতুন এই রোগটি থেকে মোট সুস্থ হলেন ৫৫ লাখ ৫৩ হাজার ১০৭ জন।
আক্রান্ত এবং মৃতের তালিকায় যথারীতি শীর্ষে রয়েছে আমেরিকা। দেশটিতে এখন পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা ২৬ লাখ ৩৭ হাজার ৭৭ জন। মোট মৃত্যু ১ লাখ ২৮ হাজার ৪৩৭ জনের। বিপরীতে সুস্থ হয়েছেন ১০ লাখ ৯৩ হাজার ৪৫৬ জন।
ব্রাজিলে এখন পর্যন্ত মোট আক্রান্ত ১৩ লাখ ৪৫ হাজার ২৫৪ জন। মারা গেছেন ৫৭ হাজার ৬৫৮ জন। সুস্থ হয়েছেন ৭ লাখ ৩৩ হাজার ৮৪৮ জন।
আক্রান্তে তিন নম্বরে রাশিয়া। দেশটির সরকারের দেয়া তথ্য অনুযায়ী, মোট আক্রান্তের সংখ্যা ৬ লাখ ৩৪ হাজার ৪৩৭, মৃত্যু ৯ হাজার ৭৩ জনের।
ভারতে এখন পর্যন্ত মোট আক্রান্ত ৫ লাখ ৪৯ হাজার ১৯৭ জন, মৃত্যু ১৬ হাজার ৪৮৭ জনের।
যুক্তরাজ্যে এখন পর্যন্ত ৪৩ হাজার ৫৫০ জনের প্রাণ কেড়েছে করোনা। দেশটিতে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ১১ হাজার ১৫১ জন।
স্পেনে ২ লাখ ৯৫ হাজার ৮৫০ জন আক্রান্তের পাশাপাশি ২৮ হাজার ৩৪৩ জন মারা গেছেন।
