করোনার টিকা তৈরির দাবি গ্লোব বায়োটেকের

আপডেট : ০৩ জুলাই ২০২০, ০৬:৪১ এএম

বাংলাদেশে প্রথমবারের মতো করোনাভাইরাসের ভ্যাকসিন তৈরির দাবি করেছে ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান গ্লোব ফার্মাসিউটিক্যালসের সহযোগী প্রতিষ্ঠান গ্লোব বায়োটেক লিমিটেড। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় তেজগাঁওস্থ করপোরেট অফিসে সংবাদ সম্মেলনে করোনাভাইরাসের এই ভ্যাকসিন আবিষ্কারের বিষয়ে বিস্তারিত বর্ণনা দেন গ্লোব বায়োটেক লিমিটেডের কর্মকর্তারা।

সংবাদ সম্মেলনে গ্রুপের চেয়ারম্যান মো. হারুনুর রশিদ এই ভ্যাকসিন সম্পর্কে সাংবাদিকদের কাছে প্রতিষ্ঠানের বক্তব্য তুলে ধরেন। হারুনুর রশিদ বলেন, ‘এই ভ্যাকসিনটি সফল হলে আমরা এটা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতি উৎসর্গ করতে চাই।’  তিনি বলেন, ‘আমরা নারায়ণগঞ্জের রূপগঞ্জে আমাদের গবেষণা কেন্দ্রে প্রাণীর ওপর প্রাথমিক ট্রায়াল করেছি। আর তেজগাঁওয়ের ল্যাবে বাকি কাজ শুরু হয়েছে।’

গ্লোব বায়োটেক লিমিটেডের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের প্রধান ডা. আসিফ মাহমুদ প্রজেক্টেরের মাধ্যমে এই ভ্যাকসিন সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। তিনি বলেন, প্রাথমিকভাবে আমরা করোনার ভ্যাকসিনে সফল হয়েছি। অ্যানিমেল পর্যায়ে এটা সফল হয়েছে। এখন আমরা আশা করছি, মানবদেহেও সফলভাবে কাজ করবে আমাদের ভ্যাকসিন।

তিনি জানান, গ্লোব বায়োটেক কোম্পানি খরগোশের ওপর প্রিলিমিনারি ট্রায়াল শুরু করে জুনের ১০ তারিখ। দুদিন বাদে প্রি-ইমিউন সেরাম সংগ্রহ করা হয়। জুনের ১৪ তারিখ তিনটি টার্গেট অ্যান্টিবডি দিয়ে ইমিউনাইজেশন করা হয়। ঠিক সাত দিন পরে দ্বিতীয় ডোজ দেওয়া হয়। জুনের ২৮ তারিখ রক্ত সংগ্রহ করে, সেরাম সংগ্রহ করে বিশ্লেষণ করা হয়।

এই ডেটাগুলোর ফলাফল সম্পর্কে আরও নিশ্চিত হতে রেগুলেটেড অ্যানিমেল ট্রায়াল করা হবে। এটি হবে ইঁদুরের ওপরে। এর জন্য সময় লাগবে ৬ থেকে ৮ সপ্তাহ। এরপর তারা সরকারের কাছে ক্লিনিক্যাল ট্রায়ালের অনুমতি চাইবে।

সংবাদ সম্মেলনে বলা হয়, এনসিবিআই ভাইরাস ডেটাবেজ অনুযায়ী মঙ্গলবার পর্যন্ত বিশ্বব্যাপী ৫ হাজার ৭৪৩টি সম্পূর্ণ জিনোম সিকোয়েন্স জমা হয়েছে, যার মধ্যে বাংলাদেশ থেকে জমা হয়েছে ৭৬টি। উক্ত সিকোয়েন্স বায়োইনফরমেটিক্স টুলের মাধ্যমে পরীক্ষা করে গ্লোব বায়োটেক লিমিটেড তাদের টিকার টার্গেট নিশ্চিত করে, যা যৌক্তিকভাবে এই ভৌগোলিক অঞ্চলে অধিকতর কার্যকরী হবে।

ওই টার্গেটের সম্পূর্ণ কোডিং সিকোয়েন্স যুক্তরাষ্ট্রের এনসিবিআই ভাইরাস ডেটাবেজে জমা দিয়েছি, যা ইতিমধ্যেই এনসিবিআই কর্র্তৃক স্বীকৃত ও প্রকাশিত হয়েছে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন গ্রুপের পরিচালক ও নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য মামুনুর রশিদ কিরণ এবং অন্য পরিচালকবৃন্দ ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

উল্লেখ্য, গ্লোব বায়োটেক লিমিটেড ২০১৫ সালে ক্যানসার, আর্থ্রাইটিস, রক্তস্বল্পতা, উচ্চ রক্তচাপ, অটোইমিউন ডিজিজসহ অন্যান্য দুরারোগ্য রোগ নিরাময়ের জন্য বায়োলজিক্স, নভেল ড্রাগ এবং বায়োসিমিলার উৎপাদনের লক্ষ্যে অত্যাধুনিক গবেষণাগার স্থাপনের মাধ্যমে যাত্রা শুরু করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত