লোকাল গভর্ন্যান্স সাপোর্ট প্রজেক্ট-৩ (এলজিএসপি-৩) আওতায় ইউড্রেন নির্মাণে রডের পরিবর্তে বাঁশ ব্যবহার করা ইউপি সদস্য মোহাম্মদ আলীকে (আলম) সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার বিভাগ। গতকাল মঙ্গলবার স্থানীয় সরকার বিভাগ থেকে এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। মোহাম্মদ আলী ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ১২নং আছিমপাটুলি ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য এবং ইউড্রেন নির্মাণকাজের জন্য নেওয়া প্রকল্প কমিটির সভাপতি।
প্রজ্ঞাপনে বলা হয়, এলজিএসপি-৩-এর আওতায় ২০১৮-১৯ অর্থবছরে এলুঙ্গি কান্দানিয়া রাস্তার কালির চালা থেকে পান্নাবাড়ি রাস্তায় তালেব আলীর ক্ষেতের পাশে এবং কালির চালা থেকে পান্নাবাড়ি রাস্তায় খাপসার খালে ইউড্রেন নির্মাণকাজে রড ব্যবহার না করে বাঁশ দিয়ে ঢালাইয়ের কাজ করায় মোহাম্মদ আলীকে বরখাস্ত করা হয়েছে।
এছাড়া প্রধানমন্ত্রীর মানবিক কর্মসূচি এবং সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণের তালিকা তৈরিতে অনিয়ম এবং চাল আত্মসাতের অভিযোগে বরখাস্ত করা হয়েছে আরও দুই ইউপি চেয়ারম্যান ও এক ইউপি সদসকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক সহায়তা কর্মসূচির ১৯৮ জন উপকারভোগীর কাছ থেকে বিভিন্ন ট্যাক্সের নামে ২৮০ টাকা হারে আদায়ের অভিযোগে বগুড়ার শিবগঞ্জ উপজেলার ময়দানহাট্রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম রুপম এবং খাদ্যবান্ধব কর্মসূচির হতদরিদ্রদের তালিকা তৈরিতে অনিয়মের অভিযোগে হবিগঞ্জের ১১ নম্বর গজনাইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমদাদুর রহমান মুকুলকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এছাড়া মাদারীপুর জেলার কালকিনি উপজেলার নবগ্রাম ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য উত্তম বিশ্বাসকে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে অনিয়মের অভিযোগে বরখাস্ত করা হয়েছে।
