ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় সংঘর্ষে অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। গত মঙ্গলবার রাতে ও গতকাল বুধবার সকালে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের কাটানিশার গ্রামে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে আহতদের ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল, সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য নিয়ে কাটানিশার গ্রামের বাসিন্দা সাবেক ইউপি সদস্য অলি ও বর্তমান সদস্য মিজানের পক্ষের লোকজনের মধ্যে বিরোধ চলে আসছে। এ বিরোধের জেরে গত মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে রাত সাড়ে ১০টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
গতকাল বুধবার সকালে আবারও দুপক্ষের লোকজন সংঘর্ষে জড়ায়। দুই দফা সংঘর্ষে অর্ধশতাধিক লোক আহত হয়। এ ছাড়া সংঘর্ষের সময় অন্তত ১০টি বাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে।
সরাইল থানার ওসি নাজমুল আহমেদ জানান, সংঘর্ষে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
