সাংবাদিকদের জাফরুল্লাহ

হাসপাতালভেদে ৭০ টাকার অক্সিজেন নিচ্ছে ৭০ হাজার টাকা

আপডেট : ১১ জুলাই ২০২০, ০৬:২১ এএম

করোনার প্রাথমিক চিকিৎসা বাড়িতে করা ভালো বলে জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। তিনি বলেছেন, ‘করোনা রোগীদের অক্সিজেন দরকার। এক হাজার লিটার অক্সিজেনের দাম মাত্র ৭০ টাকা। অথচ এখন হাসপাতালভেদে তা নেওয়া হচ্ছে ৭ থেকে ৭০ হাজার টাকা। এসব অনিয়ম বন্ধে সরকারের আরও সতর্ক হওয়া উচিত।’

গতকাল শুক্রবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জাফরুল্লাহ চৌধুরী এসব কথা বলেন। তিনি বলেন, ‘সবার দোয়ায় করোনামুক্ত হয়ে এখন আমি খরচ পর্যালোচনা করছি। করোনা চিকিৎসায় দরকার অক্সিজেন, অ্যান্টিবায়োটিক ও ফিজিওথেরাপি। আইসিইউতে নিলে গলাকাটা বিল দিতে হয়।’

তিনি আরও বলেন, ‘আমরা সরকারকে বলেছি, জনগণকে ক্যাশ ইনসেনটিভের পরিবর্তে মালামাল দিতে। এখন দেখা যাচ্ছে, ৫০ লাখ মানুষকে টাকা দেওয়া হলেও তাদের ২৮ লাখই ভুয়া। ইতিমধ্যে ৬৫ চিকিৎসক করোনা আক্রান্ত হয়েছেন। এসব নিয়ে গবেষণার পাশাপাশি বিচার বিভাগীয় তদন্ত হওয়া দরকার।’

এ সময় তিনি অভিযোগ করেন, ‘চক্রান্ত করে আমাদের উদ্ভাবিত করোনা অ্যান্টিবডি কিটের অনুমোদন দেওয়া হয়নি। এখন কাঁচামাল আমদানিতে বাধা দেওয়া হচ্ছে। দরকার ৫০ গ্রাম, ঔষধ প্রশাসন অধিদপ্তর ৫ গ্রাম আনতে বলছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত