পাকিস্তানের বিমান চালকদের সন্দেহভাজন লাইসেন্স যাচাইয়ের প্রক্রিয়া অব্যাহত রয়েছে। এর অংশ হিসেবে আরও ১৫ জন পাইলটের লাইসেন্স বাতিল করা হয়েছে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম দ্য ডনের খবরে বলা হয়েছে।
গত ২২ মে পাকিস্তানের করাচিতে এক বিমান দুর্ঘটনায় ৯৭ জনের মৃত্যু হয়েছিল। গত সপ্তাহে সংসদ অধিবেশনে সেই ঘটনার প্রাথমিক তদন্তের রিপোর্ট তুলে ধরার সময় দেশটির বেসামরিক বিমানমন্ত্রী গোলাম সারওয়ার খান জানান, পাইলটের ভুলের কারণে দুর্ঘটনাটি হয়েছিল।
সেই সঙ্গে নিজ দেশের পাইলটদের নিয়ে বিস্ফোরক তথ্য দেন গোলাম সারওয়ার। জানান, তাদের দেশের ৪০ শতাংশ পাইলটের লাইসেন্সই ‘ভুয়া’। এরপরই দেশে-বিদেশে পাকিস্তানি পাইলটদের নিয়ে নেতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি হয়।
পাকিস্তানে মোট পাইলটের সংখ্যা ৮৬০ জন। এর মধ্যে ২৬২ জন পাইলটের লাইসেন্স ভুয়া বলে অভিযোগ ওঠে। এসব পাইলটদের লাইসেন্স পরীক্ষা নিরীক্ষা চলছে জানিয়েছে ডন।
সবশেষ ১৫ জনের লাইসেন্স বাতিলের আগে আরও ২৮ জনের লাইসেন্স বাতিল করেছে পাকিস্তান বিমান চলাচল কর্তৃপক্ষ। এ ঘটনায় দেশটিতে এখন পর্যন্ত বহিষ্কৃত পাইলটের সংখ্যা দাঁড়িয়েছে ৯৩ জনে।
পাকিস্তানের অ্যাভিয়েশন বিভাগের সিনিয়র যুগ্ম সচিব আব্দুল সাত্তার খোকর জানিয়েছেন, তদন্ত বোর্ড মোট ২৬২ জন পাইলটের ভুয়া লাইসেন্স শনাক্ত করেছে। সরকারের নির্দেশনা মোতাবেক তাদের সঙ্গে সঙ্গে বিমান চালনা থেকে সরিয়ে আসা হয়েছে। তাদের সবার লাইসেন্স যাচাই-বাছাইয়ে আরও এক সপ্তাহ লাগতে পারে।
