অসাধারণ ব্রড, সিরিজ জয়ের অপেক্ষায় ইংল্যান্ড

আপডেট : ২৭ জুলাই ২০২০, ০৩:৪২ এএম

ব্যাটে-বলে দুরন্ত স্টুয়ার্ট ব্রড। ৩৪ বছর বয়সী তারকার অলরাউন্ড নৈপুণ্যে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ও শেষ টেস্টে জয়ের ক্ষণ গুনছে ইংল্যান্ড। ওল্ড ট্র্যাফোর্ডে তৃতীয় দিন শেষে ম্যাচের পুরো নিয়ন্ত্রণই স্বাগতিকদের হাতে।

সিরিজ নির্ধারনী টেস্টে ইংলিশদের হয়ে ব্যাট হাতে ঝোড়ো ফিফটি করে দলকে লড়াই করার রসদ এনে দেন ব্রড। পরে বল হাতে ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসে ধস নামান। দ্বিতীয় দফায় ব্যাট করার সুযোগ হয়নি ব্রডের। তবে ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংসেও শুরুতেই ধাক্কা দিয়েছেন এই তারকা।

প্রথম ইনিংসে ইংল্যান্ডের ৩৬৯ রানের জবাবে ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় দিনের খেলা শেষ করেছিল ৬ উইকেটে ১৩৭ রান তুলেছিল। রবিবার তৃতীয় দিনে ক্যারিবিয়ানদের প্রথম ইনিংস গুটিয়ে যায় ১৯৭ রানে

হোল্ডার ৪৬, ডওরিচ ৩৭, ক্যাম্পবেল ৩২ ও ব্ল্যাকউড ২৬ রান করেন। স্টুয়ার্ট ব্রড একাই নেন ৬ উইকেট। ২ উইকেট অ্যান্ডারসনের। ১টি করে উইকেট নিয়েছেন আর্চার ও ওকস।

দ্বিতীয় দফায় ব্যাট করতে নেমে ইংল্যান্ড ২ উইকেটে ২২৬ রান তুলে ইনিংস ঘোষণা করে দেয়। বার্নস ৯০ ও সিবলি ৫৬ রান করে আউট হন। জো রুট ৬৮ রানে অপরাজিত থাকেন। ১টি করে উইকেট নেন হোল্ডার ও চেস।

প্রথম ইনিংসের লিড মিলিয়ে ওয়েস্ট ইন্ডিজের সামনে জয়ের জন্য ৩৯৯ রানের লক্ষ্য ছোড়ে দেয় ইংল্যান্ড। যার জবাবে মাত্র ১০ রান তুলতেই ২ উইকেট হারিয়ে বসেছে ওয়েস্ট ইন্ডিজ। দুটি উইকেটই নিয়েছেন ব্রড। ফেরত পাঠিয়েছেন ব্রাথওয়েট ও কেমার রোচকে।

ফলে সোমবার ম্যাচের চতুর্থ দিনেই জয় তুলে নেওয়ার হাতছানি ইংল্যান্ডের সামনে। আর সেটি হলে তিন ম্যাচের সিরিজ ২-১ এ জিতে নেমে জো রুটের দল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত