করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজের শিক্ষার্থী শেফা ইসলাম তুলি (২৫) মারা গেছেন। গতকাল রবিবার সকালে রাজধানীর স্কয়ার হাসপাতালের আইসিইউতে তার মৃত্যু হয়। এর আগে গত শনিবার রাতে শেফার এক দিন বয়সী নবজাতকও কভিড-১৯ রোগে মারা যায়।
গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি, রাইটস অ্যান্ড রেসপনসিবিলিটিসের (এফডিএসআর) যুগ্ম মহাসচিব ডা. রাহাত আনোয়ার চৌধুরী। তিনি বলেন, ‘হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজের ১৫তম ব্যাচের পঞ্চম বর্ষের শিক্ষার্থী ছিলেন শেফা। দুদিন আগে তিনি সন্তান প্রসব করেছিলেন।’ শেফার সহপাঠী নাফিসা তাহসীন তরি বলেন, ‘২৪ জুলাই দুপুরে স্কয়ার হাসপাতালে একটি ছেলেসন্তানের জন্ম দেন শেফা। এ সময় শিশুটির অবস্থাও আশঙ্কাজনক ছিল। শিশুটিকে নবজাতক আইসিইউতে (এনআইসিইউ) ভেন্টিলেশনে রাখা হয়েছিল। শনিবার রাত ১০টার দিকে সে মারা গেছে। আজ (রবিবার) মারা গেলেন শেফাও।’ তিনি বলেন, ‘আমি ও শেফা একই বর্ষের। আমাদের এখনো ফাইনাল পরীক্ষা বাকি।’
