জাতীয় পার্টিতে ফের অস্থিরতা

বহিষ্কারের কারণ জানেন না রাঙ্গা, নতুন মহাসচিব বাবলু

আপডেট : ২৭ জুলাই ২০২০, ০৬:৪৮ এএম

দুদিন আগে প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের মৃত্যুবার্ষিকী পালন নিয়ে জাতীয় পার্টিতে (জাপা) স্পষ্ট বিভাজন দেখা যায়। আর গতকাল রবিবার মশিউর রহমান রাঙ্গাকে সরিয়ে জিয়াউদ্দিন আহম্মেদ বাবলুকে মহাসচিব করা হয়েছে। হঠাৎ মহাসচিব পরিবর্তনে দলটিতে নতুন করে অস্থিরতা দেখা দিয়েছে। তবে মশিউর রহমান রাঙ্গা তাকে কেন বহিষ্কার করা হয়েছে, তা জানেন না। জাপার একাধিক কেন্দ্রীয় নেতা জানান, দলের চিফ প্যাট্রন রওশন এরশাদ ও চেয়ারম্যান জিএম     কাদেরের মধ্যে কর্র্তৃত্বের লড়াই রয়েছে। এটিই বারবার দলে সংকট ও অভ্যন্তরীণ কোন্দলের অন্যতম কারণ।

গতকাল জাপার চেয়ারম্যান জিএম কাদের এক সাংগঠনিক আদেশে জিয়াউদ্দিন আহম্মেদ বাবলুকে পার্টির মহাসচিব নিয়োগ দিয়েছেন বলে এক সংবাদ বিবৃতিতে জানান দলের যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলম।

২০১৮ সালের ৩ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনের আগে এবিএম রুহুল আমিন হাওলাদারকে মহাসচিবের পদ থেকে সরিয়ে মশিউর রহমান রাঙ্গাকে নিয়োগ দেন প্রয়াত চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ। তার মৃত্যুর পর গত বছরের ২৮ ডিসেম্বর দলের নবম কাউন্সিলে আবারও মহাসচিব নির্বাচিত হন রাঙ্গা। অন্যদিকে আগেও জাপার মহাসচিবের দায়িত্ব পালন করেছেন জিয়াউদ্দিন আহম্মেদ বাবলু। ২০১৪ সালের ১১ এপ্রিল এবিএম রুহুল আমিন হাওলাদারকে সরিয়ে বাবলুকে মহাসচিব করেছিলেন এরশাদ। পরে ২০১৬ সালের ২০ জানুয়ারি তাকে বাদ দিয়ে পুনরায় রুহুল আমিন হাওলাদারকে মহাসচিব করেন তিনি।

বহিষ্কারের বিষয়ে মশিউর রহমান রাঙ্গা দেশ রূপান্তরকে বলেন, ‘আমি দলের সিদ্ধান্তে ক্ষুব্ধ নই। তবে মনোক্ষুণœ। দল আমাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেয়নি। দলের গঠনতন্ত্রের ২০ ধারা অনুযায়ী এ সিদ্ধান্ত হয়েছে। যদিও আমরা দীর্ঘদিন ধারাটি বাতিলের দাবি করে আসছি। কাউকে বহিষ্কার করলে যেন তা গণতান্ত্রিক উপায়ে হয়। এখন ধারাটি বাতিল সময়ের দাবি। কারণ জাতীয় পার্টির চেয়ারম্যানকে সর্বময় ক্ষমতা দেওয়া হয়েছে ২০ ধারায়। আমার ক্ষেত্রে চেয়ারম্যান জিএম কাদের এটিই কাজে লাগিয়েছেন।’

তিনি আরও বলেন, ‘আমি কাউন্সিলের মাধ্যমে নির্বাচিত একমাত্র মহাসচিব। আমাকে বাদ দিতে হলে তো কাউন্সিল লাগে অথবা একটা শোকজ নোটিস দিতে পারত। কিন্তু কিছুই করা হয়নি। আমি কর্মীদের স্বার্থে সব সময় সোচ্চার। কেউ এরশাদ স্যার সম্পর্কে বাজে মন্তব্য করলে ছাড় দিই না। এজন্য কাউন্সিলে একক প্রার্থী হিসেবে নেতাকর্মীরা আমাকে মহাসচিব নির্বাচিত করেন।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত