৮ কোটি টাকা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ

সস্ত্রীক মামলা হচ্ছে গণপূর্ত প্রকৌশলী উৎপলের বিরুদ্ধে

আপডেট : ২৯ জুলাই ২০২০, ০৬:৪২ এএম

৮ কোটি টাকারও বেশি জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ থাকায় গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী উৎপল কুমার দে ও তার স্ত্রী গোপা দের বিরুদ্ধে মামলার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল মঙ্গলবার কমিশনের সভায় এ অনুমোদন দেওয়া হয়। আজ বুধবার দুদকের সমন্বিত জেলা কার্যালয় (সজেকা) ঢাকা-১-এ মামলাটি করা হবে বলে জানিয়েছেন সংস্থাটির পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য।

ক্যাসিনোবিরোধী অভিযানে গ্রেপ্তার হওয়া বিতর্কিত ঠিকাদার গোলাম কিবরিয়া (জি কে) শামীমের সঙ্গে সংশ্লিষ্টতায় উৎপল কুমার রায়ের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। অনুসন্ধান শেষে কমিশনে প্রতিবেদনে উপস্থাপন করেন দুদকের সহকারী পরিচালক নেয়ামুল আহসান গাজী। প্রতিবেদনের তথ্য অনুযায়ী উৎপল কুমার দে ও তার স্ত্রীর ব্যাংক হিসাবে নগদ জমা ও এফডিআর মিলে সাড়ে ৩ কোটি টাকা পাওয়া গেছে, যে আয়ের বৈধ কোনো উৎস পাওয়া যায়নি। এছাড়া বিভিন্ন ব্যাংকের ২০টি শাখায় তাদের ব্যাংক হিসাবে অস্বাভাবিক লেনদেন পাওয়া গেছে। উৎপল দম্পতির নামে আছে আলাদা আলাদা ফ্ল্যাট। চট্টগ্রামের পটিয়ায় স্ত্রীর নামে আছে দোকানসহ আরও বহু সম্পদ।

জি কে শামীমের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে ঢাকা মেট্রো ও ঢাকা জোনের দায়িত্বে থাকা গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী উৎপল কুমার দেকে গত বছর ২৪ সেপ্টেম্বর বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়। উৎপল কুমার দে ১৫তম বিসিএসে গণপূর্ত অধিদপ্তরে যোগ দেন। আজিমপুর গণপূর্তের নির্বাহী প্রকৌশলী ও ঢাকা ডিভিশনের নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে থাকাকালে তাকে নিয়ে নানা বিতর্ক ছিল। কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের নির্মাণ নিয়ে সবচেয়ে বেশি বিতর্ক সৃষ্টি হয়। এর পরিপ্রেক্ষিতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আফজাল হোসেনের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল।

২০১৯ সালের ১৮ সেপ্টেম্বর থেকে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে ক্যাসিনো কারবারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে বেশ কয়েকজন প্রভাবশালী গ্রেপ্তার হন। এর ধারাবাহিকতায় গত ৩০ সেপ্টেম্বর থেকে ক্যাসিনো কারবারের মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনকারীদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। শুদ্ধি অভিযান শুরুর পর অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে এ পর্যন্ত ২০টি মামলা করেছে সংস্থাটি। প্রায় ২০০ জনের তালিকা তৈরি করে চলছে দুদকের অনুসন্ধান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত