গাজীপুরের কালীগঞ্জে একটি রিসোর্টে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর, লুট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গত রবিবার রাতে উপজেলার নারগানা এলাকায় এ ঘটনা ঘটে।
উপজেলার নারগানা ইন্টারন্যাশনাল রিসোর্টের মালিক জাতীয় পার্টির কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য আজম খান জানান, শতাধিক দুর্বৃত্ত অস্ত্র নিয়ে তাকে হত্যার উদ্দেশ্যে হামলা চালায়। তিনি পালিয়ে প্রাণে বাঁচতে পারলেও দুর্বৃত্তরা রিসোর্টে আগুন লাগিয়ে দেয়, আসবাব ভাঙচুর এবং আলমারি ভেঙে টাকাসহ জিনিসপত্র লুট করে। হামলাকারীরা নার্সারির কয়েকশ চারাগাছ কেটে ফেলে।
তার দাবি, রাজনৈতিক শত্রুতার কারণে এ ঘটনা ঘটানো হয়েছে। তিনি হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
রিসোর্টের ম্যানেজার সোহেল খন্দকার জানান, রাত সাড়ে ৮টার দিকে ৫০-৬০টি মোটরসাইকেলে করে হেলমেট পরে শতাধিক দুর্বৃত্ত অতর্কিতভাবে রিসোর্টে হামলা চালায়।
কালীগঞ্জ থানার ওসি একেএম মিজানুল হক জানান, বিষয়টি তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
