বরেণ্য গীতিকার ও সুরকার আলাউদ্দিন আলীকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। শারীরিক অবস্থার অবনতি হলে শনিবার ভোর পৌনে পাঁচটায় তাকে মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ভর্তি করানো হয়। এর কিছুক্ষণ পর লাইফ সাপোর্ট দেওয়া হয়।
খবরটি নিশ্চিত করেছেন আলাউদ্দিন আলীর মেয়ে সংগীতশিল্পী আলিফ আলাউদ্দিন। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লেখেন, “বাবা লাইফ সাপোর্টে আছেন। তার জন্য সবাই দোয়া করুন।”
হাসপাতালে আনার পর তীব্র শ্বাসকষ্ট হচ্ছিল আলাউদ্দিন আলীর। এ অবস্থায় দ্রুত তাকে ভেন্টিলেটরে ব্যবস্থায় নেওয়া হয়। তবে এখনো রক্তচাপ, হৃৎস্পন্দন স্বাভাবিক হয়নি। ফুসফুসের একটা অংশ পুরোপুরি নিমোনিক। আগামী ২৪ ঘণ্টা তার জন্য খুব ঝুঁকিপূর্ণ— গণমাধ্যমকে এমনটা জানান হাসপাতালটির ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী।
দীর্ঘদিন ধরে আলাউদ্দিন আলী ফুসফুসের প্রদাহ ও রক্তে সংক্রমণের সমস্যায় ভুগছেন। ২০১৫ সালের ৩ জুলাই তাকে ব্যাংকক নেওয়া হয়। সেখানে পরীক্ষার পর জানা যায়, ফুসফুসে একটি টিউমার রয়েছে। এর পর অন্যান্য শারীরিক সমস্যার পাশাপাশি ক্যানসারের চিকিৎসাও চলছিল। এর আগে বেশ কয়েক দফায় আলাউদ্দিন আলীকে ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
সাতবার সংগীত পরিচালক ও একবার গীতিকার হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন আলাউদ্দিন আলী। বছর দেড়েক আগে তার চিকিৎসায় ২৫ লাখ টাকার সঞ্চয়পত্র দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
