বিশ্বের অন্যান্য দেশের সঙ্গেই বাংলাদেশ করোনার টিকা পাবে বলে দাবি করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম। তিনি বলেছেন, ‘টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিনস অ্যান্ড ইমিউনাইজেশনের (গ্যাভি) সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চুক্তি হয়েছে। তারা সারা বিশ্বে এ টিকা সরবরাহ করবে।’
গতকাল মঙ্গলবার দুপুরে গোপালগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন স্বাস্থ্যের ডিজি।
তিনি বলেন, ‘বাংলাদেশ কীভাবে সবার আগে টিকা পাবে, সে বিষয়ে প্রধানমন্ত্রী অধিদপ্তরকে দিক-নির্দেশনা দিয়েছেন। আমরা গ্যাভির সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি। টিকা পেলে সবার আগে করোনা প্রতিরোধের সম্মুখযোদ্ধাদের দেওয়া হবে। পরে গুরুত্ব অনুযায়ী অন্যদের দেওয়া হবে।’
ডা. আবুল বাসার বলেন, ‘দেশে করোনা শনাক্তের পর্যাপ্ত কিট মজুদ আছে। সারা দেশে ৮০টি পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষা করা হচ্ছে। প্রয়োজনে পিসিআর ল্যাব বাড়ানো হবে।’ তিনি আরও বলেন, ‘আসছে শীতে করোনার প্রাদুর্ভাব বৃদ্ধির আশঙ্কা রয়েছে। তবে আমাদের এখানে যাতে ব্যাপক আকার ধারণ না করে, সেজন্য পরিকল্পনা করা হবে।’
বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ শেষে ডা. আবুল বাসার ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করেন। পরে তিনি টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ ঘুরে দেখেন।
এ সময় শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. লিয়াকত হোসেন, সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ, গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. অসিত কুমার মল্লিক প্রমুখ উপস্থিত ছিলেন।
