করোনা পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া হতদরিদ্র মানুষের সহায়তায় ১০ হাজার টাকা দান করা শেরপুরের সেই ভিক্ষুক বৃদ্ধ নাজিমুদ্দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার বাড়ি পাচ্ছেন আজ রবিবার। প্রধানমন্ত্রীর উপহার হিসেবে বাড়িটি আজ বেলা সাড়ে ১১টায় নাজিমুদ্দিনের কাছে হস্তান্তর করা হবে। শেরপুরের জেলা প্রশাসক (ডিসি) ও সংশ্লিষ্ট উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনুষ্ঠানিকভাবে বাড়িটি তাকে হস্তান্তর করবেন। এই অনুষ্ঠানে স্থানীয় আওয়ামী লীগ নেতাদেরও উপস্থিত থাকার কথা রয়েছে। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব (এপিএস) আশরাফ সিদ্দিকী বিটু দেশ রূপান্তরকে এসব তথ্য জানান।
শেরপুরের ঝিনাইগাতীর ইউএনও রুবেল মাহমুদ গতকাল দেশ রূপান্তরকে বলেন, ‘ভিক্ষুক বৃদ্ধ নাজিমুদ্দিনকে ভিটেমাটি ও পাকা বাড়ি করে দেওয়ার নির্দেশ আসে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে। সেই অনুযায়ী বাড়ির কাজ করা হয়েছে। আগামীকাল (রবিবার) তাকে বাড়িটি বুঝিয়ে দেওয়া হবে।’
ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নের গান্ধীগাঁও গ্রামের ইয়ার আলীর ছেলে নাজিমুদ্দিন (৮০) ভিক্ষা করে সংসার চালান। বসতঘর মেরামত করার জন্য দুই বছর ধরে ভিক্ষা করে জমিয়েছিলেন ১০ হাজার টাকা। ওই টাকা তিনি কভিড-১৯ মহামারীতে ঘরবন্দি কর্মহীন মানুষের জন্য দান করেন। টাকাটা তিনি ইউএনও রুবেল মাহমুদের কাছে ত্রাণ তহবিলের জন্য জমা দেন। নাজিমউদ্দিনের টাকা দেওয়ার খবর গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর বিষয়টি সারা দেশে আলোচনার জন্ম দেয়। বিষয়টি নজরে আসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। সরকারপ্রধান ভিক্ষুকের এই দানকে সারা পৃথিবীতে একটি বিরল ঘটনা বলে মন্তব্য করেন। একই সঙ্গে প্রধানমন্ত্রী নাজিমউদ্দিনকে খাসজমি বন্দোবস্তসহ বাড়ি করে দেওয়ার নির্দেশ দেন। এরপরই নাজিমুদ্দিনের বাড়ির কাজ শুরু করা হয়।
