লিওঁ-র বিপক্ষে গোল করে সমতা এনেছিলেন কেভিন ডি ব্রুইনে। কিন্তু কোত্থেকে কী হয়ে গেল, শেষ পর্যন্ত পারল না ম্যানচেস্টার সিটি। হেরে বিদায় নিতে হলো রিয়াল মাদ্রিদকে প্রি-কোয়ার্টারে হারিয়ে আসা সিটিকে। হারের কষ্ট ভুলতে স্ত্রী ও সন্তানের কাছে ফিরে যেতে চাইছেন ডি ব্রুইনে। ‘আমি বাড়ি ফিরতে চাই কারণ আমার স্ত্রী অপেক্ষা করছে। আমার এখন অন্য কোনো কিছুতে মনোযোগ দিতে হবে। প্রথমার্ধটা খুব ভালো ছিল না। দ্বিতীয়ার্ধে আমরা সত্যি ভালো খেলেছি। ১-১ এ সমতায় ফিরেছি এবং অনেক সুযোগও তৈরি করেছি। কিন্তু এরপর ২-১ এবং ৩-১ হয়ে গেল। বছর আরেকটা, কিন্তু পরিণতি একই।’
বিষাদময় ঘটনার পরদিনই ব্রুইনের জন্য সুখবর দিয়েছে ইপিএল কর্তৃপক্ষ। বিদায়ী মৌসুমের বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন এই বেলজিয়ান মিডফিল্ডার। পেছনে ফেলেন লিভারপুলের তিন খেলোয়াড় জর্ডান হেন্ডারসন, সাদিও মানে ও ট্রেন্ট অ্যালেকজ্যান্ডার-আর্নল্ড, সাউদাম্পটনের ড্যানি ইঙ্গস, বার্নলির গোলকিপার নিক পোপ এবং ২০১৯-২০ ইপিএলের গোল্ডেন বুটজয়ী লেস্টার সিটি স্ট্রাইকার জেমি ভার্ডিকে।
সিটি রানার্সআপ হলেও ইপিএলে ব্যক্তিগত পারফরম্যান্সে ডি ব্রুইনে ছিলেন উজ্জ্বল। ইপিএলের এক মৌসুমে সর্বোচ্চ ২০ অ্যাসিস্টের রেকর্ড গড়েন। নাম লেখান আর্সেনাল কিংবদন্তি থিয়েরি অঁরির পাশে। ১৩টি গোলও করেন ২৯ বছর বয়সী ডি ব্রুইনে। অ্যালেকজ্যান্ডার-আর্নল্ড হয়েছেন মৌসুমের সেরা তরুণ ফুটবলার। ইন্টারনেট।
