অবৈধ সম্পদ অর্জন

সাবেক ওসি প্রদীপ ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

আপডেট : ২৪ আগস্ট ২০২০, ০২:৫৮ এএম

টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশ ও তার স্ত্রী চুমকি কারণের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও মুদ্রা পাচারের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল রবিবার কমিশনের বৈঠকে মামলাটির অনুমোদন দেওয়া হয়। পরে বিকেলে দুদকের চট্টগ্রাম কার্যালয়ের সহকারী পরিচালক মো. রিয়াজউদ্দিন বাদী হয়ে সমন্বিত জেলা কার্যালয় (সজেকা) চট্টগ্রাম-২-এ মামলাটি করেন।

দুদকের করা মামলায় প্রদীপ-চুমকি দম্পতির বিরুদ্ধে মোট ৩ কোটি ৯৫ লাখ ৫ হাজার ৬৩৫ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগ আনা হয়েছে।

দুদকের পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য জানান, প্রদীপ-চুমকি দম্পতির বিরুদ্ধে কমিশনে অনুসন্ধান প্রতিবেদন দাখিল করেন চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক রিয়াজউদ্দিন। এরপর কমিশনের বৈঠকে তাদের বিরুদ্ধে মামলার অনুমোদন দেওয়া হয়।

প্রদীপ-চুমকি দম্পতির বিরুদ্ধে করা মামলার এজাহারে বলা হয়, প্রদীপ ও তার স্ত্রী অসৎ উদ্দেশ্যে কমিশনে দাখিল করা সম্পদ বিবরণীতে ১৩ লাখ ১৩ হাজার ১৭৫ টাকার সম্পদের তথ্য গোপন করেন। তারা মোট ৩ কোটি ৯৫ লাখ ৫ হাজার ৬৩৫ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেন। চুমকি তার স্বামীর অর্থ নিজের কাছে রেখে তার অবৈধ সম্পদ উপার্জনে সহায়তা করেন। যা অর্থ পাচার প্রতিরোধ আইন ২০১২-এর সম্পৃক্ত অপরাধ। ঘুষ ও দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণভাবে এসব সম্পদ অর্জন করে তা স্থানান্তর, হস্তান্তর ও রূপান্তর করে ভোগদখলে রাখেন প্রদীপ ও চুমকি। এ অপরাধে কমিশন দুদক আইন, ২০০৪ এর ২৬(২) ও ২৭(১) ধারা, অর্থ পাচার প্রতিরোধ আইন ২০১২ এর ৪(২) ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারাসহ দণ্ডবিধির ১০৯ ধারায় মামলা নথিভুক্ত করেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত