তথ্যপ্রযুক্তি খাতে দেশীয় বিনিয়োগ বাড়াতে জাপানি ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের আহ্বান জানিয়েছেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। বাংলাদেশ থেকে তথ্যপ্রযুক্তিতে দক্ষ জনবল নিয়োগেরও আহ্বান জানান তিনি। গতকাল বৃহস্পতিবার টোকিওর বাংলাদেশ দূতাবাস ও ফুজিতসু রিসার্চ ইনস্টিটিউট আয়োজিত অনলাইন ওয়েবিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রতিমন্ত্রী।
তিনি বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতের সম্ভাবনা ও অবারিত সুযোগ-সুবিধা সবার কাছে তুলে ধরেন। তথ্যপ্রযুক্তি খাতে বিনিয়োগের পথ সুগম করতে বাংলাদেশ সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ যেমন হাইটেক পার্ক, কর সুবিধা, ওয়ান স্টপ সার্ভিসের বর্ণনা দেন প্রতিমন্ত্রী। এ সময় প্রতিমন্ত্রী বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতে বিনিয়োগের যৌক্তিকতাও তুলে ধরেন। তিনি জাপানি ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতে আরও বেশি বিনিয়োগের এবং বাংলাদেশ থেকে তথ্যপ্রযুক্তিতে দক্ষ জনবল নিয়োগের আহ্বান জানান। অন্যান্যের মধ্যে আলোচনা করেন সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম, সচিব জাফর উদ্দিন। তারা বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নের প্রেক্ষাপট ও গতিধারা তুলে ধরেন এবং জাপানি বিনিয়োগকারীদের পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশনের (জেট্রো) বাংলাদেশ প্রতিনিধি ইউজি আন্দো, জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) উপপরিচালক সিইকো ইয়ামাবে, জাপান ইনফরমেশন টেকনোলজি সার্ভিস ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের (জিসা) মাসাইউকি ওসুকা, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসের (বেসিস) আলমাস কবির এবং ফুজিতসু রিসার্চ ইনস্টিটিউটের পক্ষে মাইদুল ইসলাম প্রমুখ।
