রাজধানীর মালিবাগে অবস্থিত ড্রাগন গ্রুপের দুই কারখানা ড্রাগন সোয়েটার এবং ইম্পেরিয়াল সোয়েটার গত এপ্রিল থেকে বন্ধ রেখেছে মালিকপক্ষ। কিন্তু শ্রমিকদের অভিযোগ, মালিকের নিজস্ব ভবনে ভিন্ন নামে সাব-কন্ট্রাক্ট ভিত্তিতে (ঠিকা কাজ) অস্থায়ী শ্রমিক দিয়ে কাজ চালাচ্ছে কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানটির চাকরি হারানো শ্রমিক-কর্মচারীরা প্রভিডেন্ট ফান্ড, সার্ভিস বেনিফিট, অর্জিত ছুটির টাকাসহ অন্যান্য পাওনার দাবিতে অনেক দিন থেকেই আন্দোলন করে আসছেন। সুরাহা না পেয়ে এবার রাজধানীর বিজয়নগরে অবস্থিত শ্রম মন্ত্রণালয়ের আওতাধীন শ্রম ভবনে অনির্দিষ্টকালের জন্য অবস্থান কর্মসূচি পালনের হুমকি দিয়েছেন। একই সঙ্গে শ্রমিকরা কারখানা মালিকের বাসভবন, গার্মেন্টস শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ ভবন ঘেরাও ও গণভবন অভিমুখে মিছিল কর্মসূচি পালন করবেন। গতকাল শনিবার রাজধানীর পল্টনের মুক্তি ভবনে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র আয়োজিত এ সংবাদ সম্মেলনে শ্রমিক নেতাদের পাশাপাশি ড্রাগন গ্রুপের দুটি কারকাখানার কাজ হারানো শ্রমিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক জলি তালুকদার, সাবেক সাধারণ সম্পাদক সাদেকুর রহমান শামীম প্রমুখ।
