আইপিটিভি থেকে ৫ কোটি টাকা আয়ের লক্ষ্য জেনেক্সের

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২০, ০১:৪৪ এএম

আইপিটিভি সেবা থেকে বছরে ৫ কোটি টাকা বাড়তি আয়ের লক্ষ্য নির্ধারণ করেছে জেনেক্স ইনফোসিস লিমিটেড। গতকাল মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

জেনেক্সের পরিচালনা পর্ষদ সম্প্রতি রেড ডট ডিজিটাল লিমিটেডের সঙ্গে একটি চুক্তির ব্যাপারে অনুমোদন দিয়েছে। এর আওতায় বিঞ্জ নামের একটি সেবা চালু করা হবে। সেবাটি হবে একটি আইপিটিভি। এর মাধ্যমে গ্রাহকরা ডিজিটাল সেবাও কিনতে পারবেন। রেড ডট ডিজিটাল টেলিকম কোম্পানি রবি আজিয়াটার সহযোগী প্রতিষ্ঠান।

জেনেক্স ইনফোসিস আরও জানিয়েছে, তাদের নিজের তৈরি সেবা বিঞ্জ বাংলাদেশের প্রথম গুগল সার্টিফায়েড অনলাইন ভিডিও স্ট্রিমিং সেবা। জেনেক্স ইনফোসিস আইপিটিভি চালানোর জন্য বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনের কাছ থেকে লাইসেন্স পেয়েছে।

২০১৯ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়া জেনেক্স ইনফোসিসের শেয়ার বর্তমানে লেনদেন হচ্ছে ‘এ’ ক্যাটাগরিতে। গত হিসাববছর কোম্পানিটি মুনাফা করেছে ১৯ কোটি ৫৬ লাখ টাকা। লভ্যাংশ দিয়েছে প্রতি শেয়ারে ৫০ পয়সা এবং প্রতি ১০০ শেয়ারে ১৫টি নতুন শেয়ার। পুঁজিবাজারে কোম্পানিটির ৯ কোটি ৩৮ লাখ ৪০ হাজার শেয়ার আছে। এর মধ্যে ৩৪ দশমিক ৯৯ শতাংশ আছে পরিচালকদের হাতে। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ২৯ দশমিক ৭৫, বিদেশিদের হাতে দশমিক শূন্য এক ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে ৩৫ দশমিক ২৫ শতাংশ শেয়ার আছে। জেনেক্স ইনফোসিসের বর্তমান বাজার মূলধন ৫৫২ কোটি ৭২ লাখ টাকা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত