ম্যাকেঞ্জির সঙ্গে ম্যাকমিলানের বৈঠক

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২০, ০৩:৩৬ এএম

প্রধান কোচ রাসেল ডমিঙ্গোর সঙ্গে ফিল্ডিং কোচ রায়ান কুকের আজ বাংলাদেশে আসার কথা ছিল। কিন্তু তাদের ফ্লাইট বাতিল হয়েছে। আসার নতুন দিন ঠিক হয়েছে ৬ সেপ্টেম্বর। অবশ্য দক্ষিণ আফ্রিকা থেকে ডমিঙ্গো কাজ চালিয়ে যাচ্ছেন। তার ব্যবস্থাপনায় গতকাল বিদায়ী ব্যাটিং কোচ নিল ম্যাকেঞ্জির সঙ্গে নতুন ব্যাটিং কোচ ক্রেইগ ম্যাকমিলানের অনলাইন মিটিং হয়েছে গতকাল। ম্যাকেঞ্জির কাছ থেকে বাংলাদেশের ব্যাটসম্যানদের সম্পর্কে বেশ একটা স্পষ্ট ধারণা নিয়ে শ্রীলঙ্কায় ক্যাম্পে যোগ দেবেন ম্যাকমিলান।

গতকাল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্সের সঙ্গে মিনহাজুল আবেদীন নান্নু ও হাবিবুল বাশার সুমনের নির্বাচক কমিটির একটা বৈঠক ছিল। সেই বৈঠকের পর ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান আকরাম খান বললেন, ‘এখন ৩৮ জনের মতো খেলোয়াড় ঢাকা ও ঢাকার বাইরে প্র্যাকটিস করছে। এখন আমরা হয়তো ২৮ জনের একটা দল করছি। সেটা কমিয়ে ২২ জনে নিয়ে আসব। ২১/২২ জন শ্রীলঙ্কায় যাবে। এসব নিয়ে আলোচনা হয়েছে।’ এর সঙ্গে বাড়তি তথ্য হিসেবে জানালেন, অক্টোবর-নভেম্বরে শ্রীলঙ্কায় ৩ টেস্টের সিরিজের শেষটি কলম্বোতে আর প্রথম দুটি ক্যান্ডিতে হতে পারে। সূচি এখনো চূড়ান্ত না যা জানাবে লঙ্কান বোর্ড।

পারিবারিক কারণে দক্ষিণ আফ্রিকার সাবেক ব্যাটসম্যান নিল ম্যাকেঞ্জি বাংলাদেশের ব্যাটিং কোচের চাকরি ছেড়েছেন সম্প্রতি। আপাতত শ্রীলঙ্কা সফরে বাংলাদেশের ব্যাটসম্যানদের জন্য নতুন পরামর্শক হিসেবে নিয়োগ পেয়েছেন নিউজিল্যান্ডের সাবেক ব্যাটসম্যান ও ব্যাটিং কোচ ক্রেইগ ম্যাকমিলান। নতুন-পুরাতনের গতকাল একটা ভার্চুয়াল বৈঠক হয়ে গেল। ‘কোচকে (ডমিঙ্গো) অনুরোধ করেছিলাম আমাদের পুরান ব্যাটিং কোচ (নিল) ম্যাকেঞ্জি তার যে ধারণা আমাদের খেলোয়াড়দের নিয়ে তা যেন শেয়ার করেন আমাদের নতুন কোচের (ম্যাকমিলান) সঙ্গে।’ গতকাল দুপুরে আকরাম বললেন, ‘এইমাত্র মিটিংটা শেষ হয়েছে। সে খুব ভালোভাবে ব্রিফ করে দিয়েছে নতুন ব্যাটিং কোচকে। আমাদের বাংলাদেশের খেলোয়াড়দের ব্যাপারে।’

এদিকে দীর্ঘদিন পর দেশে ফেরা সাকিব বিধিনিষেধের কারণে অনেক সুবিধা এখন পাবেন না। তবে চাইলে হেড কোচের সাহায্য নিতে পারবেন বলে জানিয়েছেন আকরাম, ‘আনুষ্ঠানিকভাবে সাকিবের সঙ্গে আমরা (বিসিবি) কাজ করব ২৯ তারিখ থেকে। তার আগে আমাদের কোচ যদি তাকে সাহায্য করতে চায় সে কিন্তু ব্যক্তিগতভাবে গিয়ে করতে পারবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত