খালেদার পরিবারের আবেদন আইন মন্ত্রণালয়ে

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২০, ০৪:৩৪ এএম

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়ানোর জন্য তার পরিবারের করা আবেদন আইন মন্ত্রণালয়ে পৌঁছেছে। গতকাল বুধবার আবেদনটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আইন মন্ত্রণালয়ে পৌঁছে বলে সাংবাদিকদের জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, ‘আমার কাছে চিঠিটি এসেছে। আমরা এ বিষয়ে বসে শিগগিরই সিদ্ধান্ত নেব।’

এর আগে গত সোমবার আইনমন্ত্রী সাংবাদিকদের বলেছিলেন, ‘সাময়িক মুক্তির মেয়াদ বৃদ্ধির যে আবেদন করা হয়েছে, সেখানে কী লেখা হয়েছে, তা দেখে এবং তার স্বাস্থ্যের অবস্থা বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। স্বরাষ্ট্রমন্ত্রী আমাকে বলেছেন, তিনি একটি দরখাস্ত পেয়েছেন। যেহেতু ২৪ সেপ্টেম্বর ছয় মাস (খালেদা জিয়ার সাময়িক মুক্তির মেয়াদ) শেষ হয়ে যাবে, তারা সেটির এক্সটেনশন চেয়েছেন।’

দুর্নীতির দুই মামলায় ১৭ বছরের কারাদ-প্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে সাময়িক মুক্তি দেওয়ার সময় আইন মন্ত্রণালয়ের সুপারিশ বিবেচনায় নিয়েছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ছয় মাসের ওই মুক্তির মেয়াদ ২৪ সেপ্টেম্বর শেষ হচ্ছে। তার আগেই পরিবারের পক্ষ থেকে সাময়িক মুক্তির মেয়াদ বৃদ্ধির আবেদন করা হয়েছে।

খালেদা জিয়া বর্তমানে গুলশানে তার ভাড়া বাসা ‘ফিরোজায়’ রয়েছেন। তিনি আর্থ্রাইটিস, ডায়াবেটিস, চোখের সমস্যাসহ বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছেন। ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলার সাজায় কারাজীবন শুরু হয় খালেদা জিয়ার। পরে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায়ও তার সাজা হয়। এ ছাড়া তার বিরুদ্ধে আরও ৩৪টি মামলা রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত