বিনিয়োগ বাড়াতে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) কাজে সমন্বয় আনার তাগিদ দিয়ে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, বিশ্বের বেশিরভাগ বিনিয়োগই অন্য প্রতিযোগী দেশগুলো নিয়ে যাচ্ছে। এর মধ্যে ভিয়েতনাম, চীন, ভারত, থাইল্যান্ড অন্যতম। আমাদের বিদেশি বিনিয়োগ ধরতে হবে। বিদেশি বিনিয়োগ বাড়াতে হবে। এ জন্য বিডা কাজ করছে। সবাইকে একত্র হয়ে কাজ করতে হবে। আমরা বিনিয়োগ পরিবেশ ও ক্ষেত্র প্রস্তুত করে দিচ্ছি। এটাকে কাজে লাগাতে হবে।
গতকাল বৃহস্পতিবার বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার চতুর্থ বর্ষপূর্তি শীর্ষক এক অনুষ্ঠানে তিনি এ আশা ব্যক্ত করেন। এতে সভাপতিত্ব করেন বিডার নির্বাহী চেয়ারম্যান সিরাজুল ইসলাম। আরও বক্তব্য দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি খাত উন্নয়নবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, এফবিসিসিআইর সভাপতি শেখ ফজলে ফাহিম, উইমেন চেম্বারের প্রেসিডেন্ট সেলিমা আহমাদ প্রমুখ, গ্রামীণের ফোনের সিইও এয়াসির আজমান, ইউনিলিভার বাংলাদেশের সিইও কেদার লেলে প্রমুখ।
তিনি বলেন, প্রতিটি বিপর্যয়ের পরে একটা পরিবর্তন আসে। এই কভিড-১৯ বিপর্যয়ের পরও পরিবর্তন আসবে। যার ফলে আমাদের একটা ইতিবাচক পরিবর্তনই হবে বলে তিনি আশা প্রকাশ করেন। ইতিমধ্যেই আমাদের রেমিট্যান্স খাত ঘুরে দাঁড়িয়েছে। জুলাই-আগস্টে রপ্তানি খাতও ঘুরে দাঁড়াবে।
এ সময় তিনি বলেন, আমাদের মূল সম্পদ হলো জনশক্তি। এটাকে আমরা এখনো কাজে লাগাতে পারিনি। এখন মাত্র এটাকে কাজে লাগানো শুরু করেছেন প্রধানমন্ত্রী। আমাদের বাজেট সাইজ বড় করতে হবে। উদ্যোক্তাদের ধরে রাখতে হবে। আমাদের আরও অনেক ফ্লেক্সিবল হতে হবে।
প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময় বিনিয়োগের ওপর জোর দিয়েছেন। তিনি ২০৪১ সালের মধ্যে আমাদের উন্নত দেশ হওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দিয়েছেন। আর সে লক্ষ্য অর্জন করতে হলে আমাদের বিনিয়োগ আনতে হবে। তবে শুধু বিদেশি বিনিয়োগ নয়, দেশি বিনিয়োগও আনতে হবে। দেশি বিনিয়োগ এলেই বিদেশি বিনিয়োগকারীরা আসবে। এজন্য বিডাকে আরও শক্তিশালী করতে হবে।
সালমান এফ রাহমান বলেন, বিডা যে কাজটি করেছে সেটা ইজ অফ ডুয়িং বিজনেসে। তবে আরও জরুরি হয়ে গেছে সেটা হলো ওয়ান স্টপ সার্ভিস (ওএসএস)। এটা যদি আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে আমাদের বিনিয়োগকারী যারা আছেন তারা আগ্রহী হবেন। ওএসএস ও ডিজিটালাইজেশনে আমরা অনেক দূর এগিয়ে গেছি। তবে কিছু সমস্যা রয়েছে। সেগুলো সহজেই সমাধান করা যায়।
