সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের সহসম্পাদক এনামুল হক বিজয় (২৬) হত্যা মামলার প্রধান আসামি জেলা ছাত্রলীগের বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক শিহাব আহমেদ জিহাদকে (২৬) সিরাজগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) গতকাল শুক্রবার ভোররাতে সিরাজগঞ্জের হাটিকুমরুল গোলচত্বর এলাকা থেকে গ্রেপ্তার করেছে। তার বাড়ি সিরাজগঞ্জ পৌর এলাকার দিয়ারধানগড়া মহল্লায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জিহাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশ বিজয় হত্যাকান্ডে ব্যবহৃত রামদা গতকাল বিকেলে শহরের বাজার স্টেশন এলাকার পুকুর থেকে উদ্ধার করেছে। বিজয় হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা ও সিরাজগঞ্জ ডিবি পুলিশের এসআই বদরুদ্দোজা জিমেল এ তথ্য জানিয়েছেন।
জেলা ডিবি পুলিশের ওসি মিজানুর রহমান জানান, প্রধান আসামি জিহাদ হত্যাকান্ডের পর থেকে পলাতক ছিল। গত ২৬ জুন জেলা ছাত্রলীগ আয়োজিত প্রয়াত সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম স্মরণে সভা ও দোয়া মাহফিলে যাওয়ার সময় শহরের বাজার স্টেশন এলাকায় বিজয়কে প্রতিপক্ষের লোকজন কুপিয়ে আহত করে। হাসপাতালে চিকিৎসাধীন আবস্থায় ৫ জুলাই তিনি মারা যান।
