বগুড়ায় বজ্রপাতে বাবা ছেলেসহ তিনজনের মৃত্যু

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২০, ০২:১৮ এএম

বগুড়ার সোনাতলায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে বাবা-ছেলেসহ তিনজন মারা গেছেন। গতকাল সোমবার উপজেলার মধুপুর ও কাতলাহার গ্রামে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া ব্যক্তিরা হলেন মধুপুর গ্রামের সিদ্দিক হোসেন (৩৫) ও সিদ্দিকের ছেলে সিয়াম হোসেন (১০) এবং কাতলাহার গ্রামের সুবাস চন্দ্র রায়ের ছেলে সুমন চন্দ্র রায় (১৭)। এলাকাবাসী জানায়, সোমবার দুপুর ১২টার দিকে মধুপুর গ্রামের মাটিয়ালির বিলে মাছ ধরছিলেন সিদ্দিক ও তার ছেলে সিয়াম। এ সময় বজ্রপাতে দুজনই দগ্ধ হন। তাদের উদ্ধার করে সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এর আগে সকাল ৯টার দিকে বৃষ্টির মধ্যে কাতলাহার গ্রামের পাশে বুড়ারদহ খালে মাছ ধরতে যান সুমন চন্দ্র রায়।এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত