সরকার পরিবর্তন চাইলে আগামী জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। গতকাল মঙ্গলবার গাজীপুর থেকে ঢাকা এয়ারপোর্ট পর্যন্ত বাস্তবায়নাধীন বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভায় এ কথা বলেন তিনি। ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় যুক্ত হন।
গণতান্ত্রিক শাসনব্যবস্থায় নির্বাচনের মাধ্যমেই সরকার পরিবর্তন হয় উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘আন্দোলনের মাধ্যমে সরকার পরিবর্তনের কোনো পরিস্থিতি দেশে বিরাজমান নেই। বিএনপি যদি চোরাগলি দিয়ে ক্ষমতার স্বর্ণদুয়ারে পৌঁছাবে বলে ভেবে থাকে, তাহলে তারা বোকার স্বর্গে বাস করছে।’
গণপরিবহনে স্বাস্থ্যবিধি প্রতিপালিত না হওয়ার অভিযোগের বিষয়ে আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান সড়ক পরিবহনমন্ত্রী। পাশাপাশি সড়কে শৃঙ্খলা বিধানে বিআরটিএ এবং জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত অব্যাহত রাখারও নির্দেশ দেন তিনি।
সভায় সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব মো. নজরুল ইসলাম, বিআরটি প্রকল্পের পরিচালক প্রকৌশলী চন্দন কুমার বসাক, সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী শাহরিয়ার হোসেন, ডিটিসিএর নির্বাহী পরিচালক রকিবুর রহমানসহ মন্ত্রণালয় ও প্রকল্প কর্মকর্তা, ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি ও পরামর্শকরা ভিডিও কনফারেন্সে সংযুক্ত ছিলেন।
