কারাবন্দি জঙ্গিদের ছিনিয়ে নেওয়ার হুমকি দিয়ে জয়পুরহাট জেলা কারাগারে পাঠানো উড়ো চিঠির বিষয়টি খতিয়ে দেখার জন্য গোয়েন্দাদের কাছে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। এছাড়া ওই চিঠির জন্য নয়, কাশিমপুর কারাগার থেকে আসামি পালানোর ঘটনার পরই দেশের কারাগারগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলেও জানান তিনি। গতকাল মঙ্গলবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, ‘এ ধরনের উড়ো চিঠি ও কাগজ আমাদের কাছে সবসময় আসে ও বিভিন্ন জায়গায় গিয়ে থাকে। এ বিষয়ে আমরা কখনো মনোযোগ দিই না। তবে আমরা সবসময় তথ্যভিত্তিক কাজ করে থাকি। আমাদের কাছে যখন গোয়েন্দা তথ্য আসে, তখনই আমরা ব্যবস্থা নিয়ে থাকি। উড়ো চিঠি যেগুলো আসছে সেগুলো গোয়েন্দাদের কাছে পাঠিয়ে দিয়েছি। তারা যদি মনে করেন এগুলোর কোনো তথ্য আছে তাহলে আমরা ব্যবস্থা নেব।’
দেশের কারাগারগুলোতে হঠাৎ করে জঙ্গি হামলার আশঙ্কায় নিরাপত্তা বাড়ানো হয়েছে কি না জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের কারাগারগুলো সুরক্ষিত করার জন্য তা করা হয়েছে। আপনারা জানেন, আমাদের একজন আসামি কারারক্ষীদের দুর্বলতার কারণে কারাগার থেকে পালিয়েছে। সেজন্যই আমরা কারাগারকে আরও শক্তিশালী করছি। যাতে করে এ ধরনের ঘটনা আর না ঘটে। আমরা সেখানে পাহারা বৃদ্ধি করছি সেটা নয়, কারারক্ষীদের দায়িত্ব যেন সঠিকভাবে পালন হয় সে ব্যবস্থা করেছি। আমরা জঙ্গিদের মূল উৎপাটন করে দিতে পারিনি, তবে নিয়ন্ত্রণে আনতে পেরেছি।’
মিয়ানমার সীমান্তে দেশটির পক্ষ থেকে অতিরিক্ত সেনা মোতায়েন নিয়ে এক প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খান বলেন, ‘আমরা আমাদের অতীত অভিজ্ঞতা থেকে দেখেছি, সীমান্তে মাঝে মাঝেই তারা সৈন্যসামন্ত বৃদ্ধি করে বা অবস্থান করে। এ ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাদের জানানো হয়েছে। তাদের রাষ্ট্রদূতকে ডেকে আমাদের সচিব পর্যায়ের বৈঠকে সীমান্তে সেনা মোতায়েনের কারণের ব্যাখ্যা চাওয়া হয়েছে। এছাড়া আমরা আমাদের পক্ষ থেকে যেকোনো সময় যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকি। এটা নতুন কিছু নয়।’
সীমান্তে সেনা বাড়ানোর কোনো পরিকল্পনা আছে কি না জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। আর আমরা সবসময় প্রস্তুত থাকি। আমাদের রোহিঙ্গাসহ নানা সমস্যা রয়েছে। তারপরও প্রধানমন্ত্রী প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বন্ধুসুলভ আচরণ করে যাচ্ছেন। আমাদের রাজনৈতিক উদ্দেশ্য হলো, কারও সঙ্গে বৈরিতা নয়, সবার সঙ্গে বন্ধুত্ব। প্রধানমন্ত্রীসহ বঙ্গবন্ধুর নির্দেশনা অনুযায়ী আমরা চলছি।’
