সৌদি এয়ারলাইনসের ফ্লাইট বাতিল

প্রতিবাদে মতিঝিলে বিমানের টিকিট বিক্রয়কেন্দ্রে বিক্ষোভ

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২০, ০৩:০৮ এএম

সৌদি এয়ারলাইনসের ফ্লাইট বাতিল করায় রাজধানীর মতিঝিলে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের টিকিট বিক্রয়কেন্দ্রে গতকাল সোমবার বিক্ষোভ করেছেন সৌদি আরব থেকে ছুটিতে আসা প্রবাসীরা। প্রত্যক্ষদর্শীরা জানায়, তারা এয়ারলাইনসের কর্মকর্তা-কর্মচারীদের গালাগাল করেন। তবে অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি। এদিকে আগামী ১ অক্টোবর থেকে সৌদি আরব বিমানের বাণিজ্যিক ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছে। গতকাল রাতে দেশ রূপান্তরকে এ তথ্য জানিয়েছেন বিমান বাংলাদেশে এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোকাব্বির হোসেন।

জানা গেছে, বিমান বাংলাদেশ এয়ারলাইনস সৌদি আরবে নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট পরিচালনার জন্য সৌদি আরবের সিভিল এভিয়েশনের কাছে অনুমতি চায়। সৌদি এয়ারলাইনসও বাংলাদেশে ফ্লাইট পরিচালনার জন্য বেবিচকের কাছে অনুমতি চেয়ে আবেদন করে। বেবিচক সৌদি এয়ারলাইনসকে ফ্লাইট পরিচালনার অনুমতি দিলেও বিমানকে ফ্লাইট পরিচালনার অনুমতি দেয়নি সৌদি আরব। আকাশপথ নীতিমালা অনুসারে বাংলাদেশ সৌদি আরব থেকে যে কয়টি ফ্লাইটের অনুমতি দেবে সৌদিকেও বাংলাদেশ থেকে একই পরিমাণ ফ্লাইটের অনুমতি দিতে হবে। কিন্তু সৌদি আরব সে নীতি মানেনি। আর এ কারণে গত  রবিবার সৌদি এয়ারলাইনসের ফ্লাইট পরিচালনার অনুমতি বাতিল করে বেবিচক।

বেবিচকের এক কর্মকর্তা দেশ রূপান্তরকে বলেন, ফ্লাইট বাতিলের প্রতিবাদে গতকাল সকাল থেকেই মতিঝিলে বিমানের অফিসের সামনে জড়ো হতে থাকেন প্রবাসীরা। তারা ফ্লাইট চালুর জন্য নানা ধরনের স্লোগান দিতে থাকেন। কর্মকর্তা-কর্মচারীদের অশ্লীল ভাষায় গালাগাল করেন। তারা হোটেল সোনারগাঁওয়ে সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইনসের টিকিট কাউন্টারের সামনেও বিক্ষোভ করেন। সৌদি কর্তৃপক্ষের উচিত ছিল বিমানকেও ফ্লাইট পরিচালনা করার অনুমতি দেওয়া। কিন্তু তারা আসতে পারবে আর আমরা যেতে পারব না তা হতে পারে না। আমরা ভেবেচিন্তেই ওদের ফ্লাইট বাতিল করতে বাধ্য হয়েছি।

এদিকে এ ঘটনার জন্য বিমানকে দুষছেন প্রবাসীরা। তারা বলেন, দেশে আটকেপড়াদের দ্রুত সৌদি যাওয়ার ব্যবস্থা করতে হবে। বিমানের কাছে এক টিকিট যারা পাবেন তাদের টাকা ফেরত দিতে হবে। যাদের ভিসার মেয়াদ চলে যাবে অথবা আর আসতে পারবে না তাদের ক্ষতিপূরণের কে দায়িত্ব নেবে।

গতকাল রাতে বিমানের এমডি মোকাব্বির হোসেন বলেন, সৌদি আরব ১ অক্টোবর থেকে বিমানের বাণিজ্যিক ফ্লাইট পরিচালনা সিদ্ধান্ত প্রদান করেছে। আসন বরাদ্দ শুরুর আগে ল্যান্ডিং পারমিশন আবশ্যক। কিন্তু ল্যান্ডিং পারমিশন পাওয়া যায়নি। ফলে যাত্রীদের আসন বরাদ্দ শুরুর জন্য ফ্লাইট এখনই ঘোষণা করা সম্ভব হচ্ছে না। ল্যান্ডিং পারমিশন প্রাপ্তির সঙ্গে সঙ্গেই ফ্লাইট ঘোষণা করা হবে এবং যাত্রীসহ সংশ্লিষ্ট সবাইকে অবহিত করা হবে। ফ্লাইট ঘোষণার আগে কাউন্টারে অহেতুক ভিড় না করার জন্য যাত্রীদের অনুরোধ করা যাচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত