নিল ম্যাকেঞ্জি চলে যাওয়ার পর শ্রীলঙ্কা সফরকে সামনে রেখে বাংলাদেশের ব্যাটিং পরামর্শক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল নিউজিল্যান্ডের ক্রেইগ ম্যাকমিলানকে। কিন্তু পারিবারিক কারণে ম্যাকমিলান চাকরিতে যোগ দেওয়ার আগেই চুক্তি বাতিল করেছেন। তাই নতুন ব্যাটিং পরামর্শক খুঁজছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ক্রিকবাজের এক রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের ব্যাটিং পরামর্শক হিসেবে বিবেচনা করা হচ্ছে ইংল্যান্ডের সাবেক ব্যাটসম্যান জন লুইসকে। এখন জানা যাচ্ছে নতুন ব্যাটিং কোচ হয়তো পেয়ে যাচ্ছে বিসিবি। শিগগিরই ইন্টারভিউ দিতে ঢাকা আসতে পারেন লুইস। বিসিবি সব ধরনের ফরম্যাটের জন্য একজন পরামর্শক নিয়োগ দেবে। ক্রিকবাজকে বিসিবির ক্রিকেট অপারেশন চেয়ারম্যান আকরাম খান বলেন, ‘ব্যাটিং পরামর্শকের পদের জন্য আমরা তার (লুইস) সঙ্গে কথাবার্তা চালিয়ে যাচ্ছি।’ এরচেয়ে বেশি কিছু তিনি জানাতে চাননি। বলেছেন, একই সঙ্গে তারা আরও কিছু প্রার্থীর সঙ্গে কথা বলছেন। তবে এই মুহূর্তে প্রার্থীদের নাম প্রকাশ করতে চাইছেন না।
জন লুইস ডারহামের সাবেক প্রধান কোচ। এর আগে শ্রীলঙ্কার ব্যাটিং পরামর্শক হিসেবে উপমহাদেশে কাজ করার অভিজ্ঞতা আছে তার। বিসিবি এখন তিন ফরম্যাটের জন্যই একজন ব্যাটিং কোচ চাইছে।
