বার্সেলোনা থেকে আতলেতিকো মাদ্রিদে যোগ দেওয়ার আগে বিদায় অনুষ্ঠানে অশ্রুসিক্ত চোখে দেখা যায় লুইস সুয়ারেজকে। আবেগকে দূরে ঠেলে আতলেতিকোতে আনুষ্ঠানিক পরিচয়পর্ব শেষ করেই অনুশীলনে নেমে পড়েন উরুগুইয়ান স্ট্রাইকার। সুয়ারেজ বার্সা ছাড়ার পর তাকে নিয়ে ইন্সটাগ্রামে আবেগঘন পোস্ট করেছিলেন লিওনেল মেসি। নতুন ক্লাবে এসে ব্যস্ত সময় পার করলেও বন্ধু মেসির পোস্টের জবাব দিয়েছেন সুয়ারেজ। জানিয়েছেন মেসির প্রতি কৃতজ্ঞতা।
ক্লাবে নতুন সদস্য এলে খেলোয়াড়রা দুই পাশে দাঁড়িয়ে মাথা নেড়ে কিংবা পিঠ চাপড়ে স্বাগত জানান। এই রীতিতে সুয়ারেজকেও বরণ করে নেয় আতলেতিকোর খেলোয়াড়রা। সুয়ারেজ বলেন, ‘স্পেনে অনুপ্রেরণার অন্যতম জায়গা এই আতলেতিকো। এখানে আছে দারুণ সব খেলোয়াড় এবং প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা। যা দিয়ে তারা শীর্ষ পর্যায়ে এবং লিগে লড়াই করে। সমর্থক ও কোচ (সিমিওনি) অনেক অনুপ্রেরণা জোগান।’ এদিকে মেসির পোস্টের উত্তরে সুয়ারেজ লেখেন, ‘বার্তার জন্য তোমাকে ধন্যবাদ বন্ধু। তুমি যেভাবে আছো, প্রথম দিন থেকে আমার ও পরিবারের জন্য যা করেছো, তার জন্য তোমাকে ধন্যবাদ। আমি সবসময় মেসির প্রতি কৃতজ্ঞ থাকব। (মেসি) মজার ও আবেগপ্রবণ একজন মানুষ।’ মেসিকে পরামর্শও দিয়েছেন সুয়ারেজ। লেখেন, ‘তোমাকে যা বলেছি, তা ভুলে যেয়ো না। নিজেকে উপভোগ করে যাও, দেখিয়ে যাও তুমি এক নম্বর..তোমাকে অনেক ভালোবাসি, বন্ধু। তোমাদের পাঁচ জনকে (মেসি, তার স্ত্রী ও তিন সন্তান) খুব মিস করব।’ আজ গ্রানাডার বিপক্ষে ম্যাচ দিয়ে লিগের নতুন মৌসুম শুরু করবে ডিয়েগো সিমওনের দল। ইন্টারনেট।
