ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলায় বাল্যবিয়ের আয়োজন করায় কনের বাবা আজিজুর রহমানকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল শুক্রবার দুপুরে উপজেলার মহিলা কলেজপাড়া এলাকার একটি ভাড়াবাসায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, কনের বাবা চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার এক ছেলের সঙ্গে মেয়ের বিয়ে ঠিক করেন। গতকাল দুপুরে বরযাত্রী আসার কথা ছিল।
হরিণাকুন্ডু উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক সৈয়দা নাফিস সুলতানা জানান, দুপুরে ওই বাসার এক ভাড়াটিয়ার মেয়ের বিয়ে হবে এমন খবরের ভিত্তিতে সেখানে গিয়ে বাল্যবিয়ে বন্ধ করি। বাল্যবিবাহ নিরোধ আইনে কনের বাবাকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়াও প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে না দেওয়ার বিষয়ে তিনি মেয়ের বাবা, মা ও চাচার কাছ থেকে মুচলেকা আদায় করেন।
