মজুরি বৃদ্ধি ও বোনাস দাবি

কমলগঞ্জে চা শ্রমিকদের সড়ক অবরোধ

আপডেট : ০৯ অক্টোবর ২০২০, ১১:৪১ পিএম

আসন্ন দুর্গাপূজার আগে দৈনিক মজুরি বৃদ্ধি ও উৎসব বোনাসের দাবিতে সারা দেশের কর্মসূচির অংশ হিসেবে মৌলভীবাজারের কমলগঞ্জে মনু-ধলই ভ্যালির ২৩টি চা বাগানের শ্রমিকরা গতকাল শুক্রবারও দুই ঘণ্টার কর্মবিরতি পালন করেছেন।

এর আগে সকাল ৮টায় চা শ্রমিকরা তৃতীয় দিনের মতো কাজে যোগ না দিয়ে চা বাগান থেকে বিক্ষোভ মিছিল করে এসে শমসেরনগর বাজার চৌমুহনায় সড়ক অবরোধ করেন। একইভাবে আলীনগর চা বাগানের শ্রমিকরা বিক্ষোভ মিছিল সহকারে এসে হালিমা বাজার এলাকায় সড়ক অবরোধ ও পথসভা করেন।

কর্মসূচি পালনকালে চা বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ চা শ্রমিক নেতারা বলেন, দৈনিক মাত্র ১০২ টাকার মজুরিতে এক-একটি পরিবারের ছয়-সাত সদস্যের জীবনযাপন খুবই কষ্টকর। প্রতি দুই বছর অন্তর চা শ্রমিক ইউনিয়ন ও বাংলাদেশীয় চা সংসদের মধ্যে বৈঠক করে মজুরি বৃদ্ধি করা হয়। মজুরি বৃদ্ধির মেয়াদ শেষে আরও কয়েক মাস অতিক্রম করলেও নতুন করে চা শ্রমিকদের মজুরি এখনো বৃদ্ধি হয়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত