বরিশালে ধর্ষণচেষ্টা মামলার আসামি ধরতে গিয়ে হামলায় আহত হয়েছেন দুই পুলিশ সদস্য। আহত উপপরিদর্শক (এসআই) নিজাম উদ্দিন ও সহকারী উপপরিদর্শক (এএসআই) নুরুল ইসলামকে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বরিশালের উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়নের কাকরধারী গ্রামে এ হামলার ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার দুপুরে কাকরধারী গ্রামের বাসিন্দা এক কলেজছাত্রীকে ধর্ষণের চেষ্টা চালানো হয়। এ ঘটনায় গত বুধবার মেয়েটির বাবা ওই এলাকার বাসিন্দা স্বপন ওরফে সুমন এবং তার ভাই সুজনের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার মামলা করেন। বৃহস্পতিবার সন্ধ্যায় আসামিদের গ্রেপ্তারের উদ্দেশ্যে ওই গ্রামে যান থানা পুলিশের কয়েকজন সদস্য। এ সময় আসামিপক্ষের লোকজন পুলিশের ওপর আকস্মিক হামলা চালায় এবং আসামিদের ছিনিয়ে নিয়ে যায়।
উজিরপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মাহবুবুর রহমান বলেন, হামলায় এসআই নিজাম উদ্দিন ও এএসআই নুরুল ইসলাম আহত হয়েছেন। পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা দায়ের করা হবে।
