জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম বলেছেন, মোংলা বন্দরকে যেভাবেই হোক আরও বেশি শক্তিশালী ও আধুনিক করতে হবে। বন্দরে বেশি কার্গো হ্যান্ডেলিংয়ে সুযোগ-সুবিধা বাড়াতে হবে।
গতকাল শনিবার মোংলা কাস্টমস হাউজে ‘কাস্টমস ই-পেমেন্টবিষয়ক সচেতনতামূলক সেমিনার শেষে এ মন্তব্য করেন তিনি। সেমিনারে তিনি বলেন, ২০২২ সালের ১ জানুয়ারি থেকে দেশের সব কাস্টম হাউজ ও কাস্টম স্টেশনে শুল্ক, করাদি, ফি, সব ধরনের চার্জ পরিশোধের পদ্ধতি ই-পেমেন্ট বাধ্যতামূলক করা হবে। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য খন্দকার মুহাম্মদ আমিনুর রহমান, সদস্য মো. সাইফুল ইসলাম, সদস্য ড. আবদুল মান্নান শিকদার, বাগেরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি শেখ লিয়াকত হোসেন লিটন ও মোংলা কাস্টম হাউজের কমিশনার হোসেন আহমদ।
এরপর এনবিআর চেয়ারম্যান মোংলা বন্দর কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেন। বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
