ভিটিসিতে সেনাবাহিনীকে জাতীয় পতাকা প্রদান

আপডেট : ১১ অক্টোবর ২০২০, ০৮:৪২ পিএম

বাংলাদেশ সেনাবাহিনীর নয়টি ইউনিট ও একটি প্রশিক্ষণ প্রতিষ্ঠানকে জাতীয় পতাকা (ন্যাশনাল স্ট্যান্ডার্ড) প্রদান করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার সকালে সাভার সেনানিবাসে নবম পদাতিক ডিভিশনের তত্ত্বাবধানে কোর অব মিলিটারি পুলিশ সেন্টার অ্যান্ড স্কুল মাঠে আয়োজিত প্যারেডে ভিডিও টেলি কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে সংযুক্ত হন। পরে তার অনুমতি নিয়ে সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ, এসবিপি, বিএসপি, বিজিবিএম, পিবিজিএম, বিজিবিএমএস, পিএসসি, জি প্রধানমন্ত্রীর পক্ষে জাতীয় পতাকা (ন্যাশনাল স্ট্যান্ডার্ড) প্রদান করেন।

এর আগে স্বাস্থ্যবিধি অনুসরণ করে ১, ৩, ৬ ও ৮ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন, অ্যাডহক ১১ বীর (মেকানাইজড), ১২ বীর, ১৩ বীর, ১৫ বীর (সাপোর্ট ব্যাটালিয়ন), ৫৯ ইস্ট বেঙ্গল (সাপোর্ট ব্যাটালিয়ন) এবং স্কুল অব ইনফ্যান্ট্রি অ্যান্ড ট্যাকটিকস (এসআইএন্ডটি) কে জাতীয় পতাকা (ন্যাশনাল স্ট্যান্ডার্ড) প্রদান প্যারেড অনুষ্ঠিত হয়।

জাতীয় পতাকা (ন্যাশনাল স্ট্যান্ডার্ড) প্রদান প্যারেড শেষে প্রধানমন্ত্রী তার মূল্যবান বক্তব্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া এ সেনাবাহিনীকে একটি প্রতিষ্ঠিত, সুশৃঙ্খল ও আধুনিক সাজ সজ্জায় সজ্জিত বাহিনী হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। দেশ গঠন, বিভিন্ন দুর্যোগ মোকাবিলা ও আন্তর্জাতিক পরিমণ্ডলে সেনাবাহিনীর আত্মত্যাগ ও অসামান্য অবদানের কথা স্মরণ করেন। এ ছাড়া ন্যাশনাল স্ট্যান্ডার্ড প্রাপ্ত নয়টি ইউনিট ও একটি প্রশিক্ষণ প্রতিষ্ঠান তাদের গৌরবময় ঐতিহ্যের ধারা অব্যাহত রেখে ক্রমান্বয়ে এগিয়ে যাবে এবং সেনাবাহিনীর চৌকস ইউনিট হিসেবে নিজেদের অবস্থান সুসংহত ও সুদৃঢ় করবে বলে আশাবাদ ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।

পরে প্রধানমন্ত্রীর পক্ষে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ ইউনিট প্রধানদের জাতীয় পতাকা (ন্যাশনাল স্ট্যান্ডার্ড) প্রদান করেন।

আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বাংলাদেশ সেনাবাহিনীর সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ ন্যাশনাল স্ট্যান্ডার্ড প্রাপ্ত নয়টি ইউনিট ও একটি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের সদস্যদের অংশ গ্রহণে দৃষ্টিনন্দন প্যারেড উপভোগ করেন।

এ সময় অনুষ্ঠানে নবম পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার ‍মেজর জেনারেল সাইফুল আবদিন ও ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এ ছাড়া অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান, ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত