আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালনে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সঙ্গে যৌথভাবে গার্লসটেকওভার ক্যাম্পেইন আয়োজন করেছে গ্রামীণফোন ও টেলিনর গ্রুপ। এ উপলক্ষে বিশ্বব্যাপী মিডিয়া, বিনোদন, ব্যবসা ও রাজনীতির ক্ষেত্রে শীর্ষস্থানীয় পদে এক দিনের জন্য তরুণ নারীদের প্রতীকী দায়িত্ব দেওয়া হয়। এবার টেলিনর গ্রুপের এক্সিকিউটিভ পদ গ্রহণে বাংলাদেশ থেকে নির্বাচিত হয়েছেন রেনেকা আহমেদ অন্তু।
প্রতি বছর আন্তর্জাতিক কন্যাশিশু দিবস উপলক্ষে তরুণীদের সাম্য, স্বাধীনতা ও প্রতিনিধিত্বে উৎসাহ প্রদানে বিভিন্ন ক্ষেত্রের শীর্ষস্থানীয় পদে এক দিনের জন্য তরুণ নারীদের প্রতীকী দায়িত্ব দেওয়া হয়। এ বছর টেলিনরের যেসব দেশে তাদের ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করে, তেমন তিনটি দেশ বাংলাদেশ, নরওয়ে ও মিয়ানমার থেকে টেলিনরের গ্রুপ এক্সিকিউটিভ ম্যানেজমেন্টের গুরুত্বপূর্ণ পদে ভূমিকা গ্রহণের সুযোগ দেওয়া হয় তরুণীদের। এই তিন তরুণীর মধ্যে টেলিনর গ্রুপের এক্সিকিউটিভ পদ গ্রহণে বাংলাদেশ থেকে নির্বাচিত হন রেনেকা আহমেদ অন্তু। অল্প বয়স থেকেই রেনেকা নারী অধিকার ও লৈঙ্গিক সমতা নিয়ে কাজ করে আসছেন। নৃবিজ্ঞানে পড়াশোনা করা রেনেকা সমাজে কন্যা, তরুণী ও নারীদের জন্য ইতিবাচক পরিবর্তন আনতে সক্রিয়ভাবে কাজ করে আসছেন।
রেনেকা আহমেদ অন্তু বলেন, ‘সমাজে আমি তরুণ প্রতিনিধি হিসেবে কাজ করে যাওয়ার পাশাপাশি বৈশ্বিকভাবে লৈঙ্গিক সমতার ক্ষেত্রে ক্ষমতার স্থানান্তর করতে চাই। এ ক্ষেত্রে আমাকে এমন অসাধারণ অভিজ্ঞতা গ্রহণের সুযোগ করে দেওয়ায় আমি গ্রামীণফোন, টেলিনর গ্রুপ ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের কাছে কৃতজ্ঞ।’
টেলিনরের গ্রুপ এক্সিকিউটিভ ম্যানেজমেন্টের একজন সদস্য হিসেবে নির্বাচিত তিন তরুণী প্রযুক্তি খাতে নারী বিষয়ে ভার্চুয়াল মাধ্যমে তাদের ভাবনার উপস্থাপন করেন। তাদের উপস্থাপনায় স্থানীয় ও আন্তর্জাতিক পর্যায়ে প্রযুক্তি খাতে নারীদের নানা সুযোগ ও অন্তরায়ের বিষয়গুলো উঠে আসে। এ বিষয়ে অনুপ্রাণিত হয়ে টেলিনর গ্রুপের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী সিগভে ব্রেক্কে নিজ দেশে টেলিনর টেলিকমিউনিকেশনের প্রধান নির্বাহীদের সঙ্গে তিন তরুণীকে যুক্ত করতে প্রতিশ্রুতি ব্যক্ত করেন, যাতে তরুণ এই প্রতিনিধিরা তাদের ভাবনার কথা জানাতে পারেন। এ বিষয়ে সিগভে ব্রেক্কে বলেন, সবার জন্য প্রয়োজনীয় সেবার উন্নয়নে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। এ ক্ষেত্রে সফল হতে আমাদের নিজেদের মধ্যে সবার ধারণা সম্পর্কে জানা প্রয়োজন। প্রযুক্তি খাতে মেধাবীদের যুক্ত হওয়ার ক্ষেত্রে যেসব বিষয় অন্তরায় হিসেবে কাজ করছে তা দূরীকরণে আমাদের আরও কাজ করতে হবে। বিজ্ঞপ্তি।
