মধ্য আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি শান্তিরক্ষী নিহত

আপডেট : ২৭ অক্টোবর ২০২০, ০২:১৬ এএম

মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে বাংলাদেশি শান্তিরক্ষীদের একটি বিশেষায়িত দল। এতে এক সেনাসদস্য নিহত এবং দুজন আহত হয়েছেন। গতকাল সোমবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আভিযানিক দায়িত্বে নিয়োজিত বাংলাদেশি শান্তিরক্ষীদের বিশেষায়িত দলটি গত রবিবার কাগা বন্দর থেকে যাত্রা শুরু করে। পথে সোমবার স্থানীয় সময় বেলা ১২টা ২৫ মিনিটে ডেলে এলাকায় ঝুঁকিপূর্ণ ব্রিজের সংযোগ সড়ক পিচ্ছিল ও কর্দমাক্ত থাকায় একটি ওয়াটার বাউজার নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিংয়ের সঙ্গে ধাক্কা লাগে। এতে সেটি উল্টে পার্শ্ববর্তী ২০-২৫ ফুট গভীর খাদে পড়ে যায়। দুর্ঘটনায় ওয়াটার বাউজারটির চালক ল্যান্স কর্পোরাল মো. আবদুল্লাহ আল মামুন (৩৬) ঘটনাস্থলেই মারা যান। এ ছাড়া সার্জেন্ট মো. আবদুস সামাদ এবং সৈনিক মোকলেছুর রহমান গুরুতর আহত হন। এই দুজন বর্তমানে মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের রাজধানী বাঙ্গুইতে জাতিসংঘের লেভেল-২ হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে আছেন। উন্নত চিকিৎসার জন্য শিগগিরই তাদের উগান্ডায় পাঠানো হবে।

মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে নিয়োজিত অন্য বাংলাদেশি শান্তিরক্ষীরা নিরাপদে আছেন বলেও আইএসপিআরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত